পপির অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন জায়েদ খান

অনেকদিন ধরেই নিখোঁজ ছিল অভিনেত্রী পপি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রীর হঠাৎ নিখোঁজ হওয়ায় চারদিকে হইচই পরে গেলেও ঠিক আশার খবর মেলেনি। এক রকম রহস্যের জালে হারিয়ে যায় জনপ্রিয় এই তারকা। সবাই যখন আশা ছেড়ে দিয়েছেন, ঠিক তখন নিজেই হাজির হলেন।

২৬ জানুয়ারি দুপুরে এক ভিডিও বার্তা দিয়ে সামনে এলেন তিনি। জানালেন বিএফডিসি ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে তার একবুক অভিমানের কথা।

যেখানে পরোক্ষ ইঙ্গিতে চলে আসে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে নানা অভিযোগের বিষয়ও। এর একদিন পরই আজ বৃহস্পতিবার বিষয়টি নিয়ে মুখ খোলেন জায়েদ। এফডিসিতে সাংবাদিকদের সামনেই বলেন পপির এমন সব কথা তিনি উপভোগ করছেন।

তবে এই চিত্রনায়িকার হঠাৎ সামনে আসার বিষয়টি ষড়যন্ত্রের অংশ হিসেবেই মনে করেন তিনি। বলেন, ‌‘শেক্সপিয়ার একটা কথা বলে গেছেন, ‘মানুষের সঙ্গে মারামারি করে শত্রু বাড়ানোর দরকার নাই। কিছু ভালো কাজ করবে, শক্র এমনিতেই তৈরি হয়ে যাবে।’

তিনি বলেন, ‘আমার যদি এত দোষ থাকে তবে সেটা নির্বাচনের দুই-চার বছর আগে বের হওয়া উচিত ছিল। নির্বাচনের একদিন আগে বের হচ্ছে কেন? তারমানে আপনি আমার বিরুদ্ধে কাউকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন।’

পপির অভিযোগ প্রসঙ্গে এই শিল্পী নেতা বলেন, ‘দ্বিতীয় কথা হচ্ছে, তার (পপি) সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তার সঙ্গে একের অধিক স্টেজ শো করেছি, একই প্যানেলে নির্বাচন করেছি। তার মতানৈক্য বা মতাদর্শ থাকতেই পারে। সেটা নিজেদের ফোরামে বলাই ভালো।’

তিমি বলেন, ‘তাকে খুঁজেই পাচ্ছি না। তার মোবাইল বন্ধ। হঠাৎ করে একদিন আগে তাকে দিয়ে কিছু বলানো হচ্ছে। যাক বলেছে। আপনারা তো বলেন আমি আলোচিত মানুষ। হয়তো এ কারণে বলেছে। তার আক্ষেপ-অভিযোগ থাকলে সামনে এসে বললেই ভালো হতো। একটা কথা মনে রাখবেন, ‘যে গাছে ফল হয় বেশি সেখানে ঢিলও পড়ে বেশি। আর অন্য কেউ তো বলেনি, পপি বলেছেন। আমি এনজয় করছি।’

এর আগে নির্বাচনের দুইদিন আগে বুধবার (২৬ জানুয়ারি) হঠাৎ লাইভে এসে পপি বলেন, দীর্ঘ ২৬ বছর ইন্ডাস্ট্রিতে সুনামের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। আজকে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছি- আজ আমি কোথায়? আমি আছি আপনাদের মাঝেই, হয়তো ভাগ্য থাকলে আবারও ফিরবো কাজে।

এই নায়িকা বলেন, বর্তমান শিল্পী সমিতির একটি মাত্র লোকের কারণে বার বার অপমানিত হতে হয়েছে। শুধু আমি না, আমার মতো রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, নিপুণও অপমানিত হয়েছেন। আমাদেরকে ব্যবহার করে যে এই চেয়ারটিতে বসেছে- সেখানে বসেই বিভিন্ন রকমের অপকর্মের চেষ্টা করেছে। কিন্তু আমরা গুটি কয়েকজন তাতে সায় দিইনি। যার কারণে আজকে আমিও ভিক্টিম।

উল্লেখ্য, শুক্রবার (২৮ জানুয়ারি) শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *