চিত্রনায়িকা পরীমণি গাজীপুরে অরণ্য আনোয়ারের ‘মা’ ছবির শুটিং করছিলেন৷ সেই শুটিং স্পটে অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষনাত পরীমনিকে দ্রুত ঢাকার হাসপাতালে এনে ভর্তি করানো হয়েছে।
নির্মাতা অরণ্য আনোয়ার নিশ্চিত করেছে বিষয়টি। পরীমণির স্বামী শরিফুল রাজও বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বুধবার সকাল থেকে টানা শুটিং হওয়ার কথা ছিল ছবিটির। সে অনুযায়ী মঙ্গলবার রাতেই ইউনিটে যোগ দেন অভিনেত্রী।
নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, ‘আমরা পরীর এমন অবস্থা দেখে বুধবার (২৬ জানুয়ারি) সকালেই শুটিং প্যাকআপ করার সিদ্ধান্ত নিই। কারণ, আমার কাছে আগে জীবন পরে শুটিং। কিন্তু পরী বারবার বলছিলেন, তিনি একটা দিন দেখতে চান। তার বিশ্বাস ছিলো জ্বর কেটে যাবে। শুটিংটা শেষ করেই বাড়ি ফিরবেন। কিন্তু বুধবার দিবাগত রাতে অবস্থার আরও অবনতি হয়। দ্রুতসময়ের মধ্যে রাজ পরীকে নিয়ে ঢাকার একটি হাসপাতালে যায়। আর আমরা এখন (বেলা ১২টা) ঢাকায় ফিরছি সব প্যাকআপ করে।’
পরীমণি সম্প্রতি শেষ করেছেন গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ এবং চয়নিকা চৌধুরীর ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’। হাতে রয়েছে রাশিদ পলাশের ‘প্রীতিলতা’ ও অরণ্য আনোয়ারের ‘মা’। এরমধ্যে কথা ছিলো মাতৃত্বকালীন দেড় বছরের ছুটিতে যাওয়ার আগে ‘মা’-এর কাজ শেষ করবেন পরী। এবার সেখানে গিয়েই হাসপাতালে ফিরতে হলো আলোচিত এই নায়িকাকে।
