আগামীকাল থেকে মৃদু শৈত্যপ্রবাহ, বাড়বে শীত

তাপমাত্রা কমে গিয়ে বাড়তে পারে শীত। এছাড়া রাজশাহী বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

এদিকে গতকাল বিকেলে ঢাকায় তুমুল বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির পরিমাণ ছিল ৪ মিলিমিটার। আজও বৃষ্টি হতে পারে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে।

এ সময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭, ময়মনসিংহে ১৬, চট্টগ্রামে ১৬ দশমিক ৩, সিলেটে ১৬ দশমিক ২, রাজশাহীতে ১২ দশমিক ৮, রংপুরে ১৩ দশমিক ৪, খুলনায় ১৬ দশমিক ৩ এবং বরিশালে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *