এক ভুলেই সিয়াম-বুবলীর ‘সুখের সংসার’ তছনছ!

বিনোদন ডেস্ক- প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে টান নামের একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন দেশের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও শবনম বুবলী।

রায়হান রাফি পরিচালিত সিনেমাটি আজ মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। চরকির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাত ৮টা থেকে দেখা যাবে টান।

গত ২০ জানুয়ারি সিনেমাটির টিজার প্রকাশের পর সিয়াম-বুবলীর রসায়ন ও লুক বেশ নজর কেড়েছে দর্শকদের।

টান-এ সিয়ামকে নতুন করে আবিষ্কার করতে পারবে দর্শক। সিনেমাটি নিয়ে এ চিত্রনায়ক নিজেও বেশ আশাবাদী। তিনি বলেন, ‘টান এ বছরে আমার প্রথম সিনেমা। সিনেমাটিতে আমাদের অনেকের অনেক প্রথম কিছু নিয়ে নির্মিত হয়েছে।

‘এর আগেও রাফির সঙ্গে আমার কাজ হয়েছে, কিন্তু বুবলীর সঙ্গে আমার সেটে গিয়েই পরিচয়। তারপরও সবাইকে অবাক করে দিয়ে বুবলী অসাধারণ কাজ করেছেন। আমার বিশ্বাস দর্শক একদম ভিন্ন ধরনের একটি কনটেন্ট দেখবে।’

চলচ্চিত্রের পটভূমি কী, জানতে চাইলে পরিচালক রায়হান রাফি জানালেন, রাশেদ (সিয়াম) আর অবনী (বুবলী) এই প্রেমিক জুটি তাদের স্বপ্নের সংসার গোছায়। যখনই সুখগুলো হাতের নাগালে আসতে শুরু করে, অতীতের এক ভুল সামনে এসে দাঁড়ায়। সে ভুল একটানে তছনছ করে দেয় তাদের সুখের সংসারকে। এভাবেই এগিয়ে যায় এই চলচ্চিত্রের গল্প।

বুবলীর শুরুটা হয় বসগিরি চলচ্চিত্রে। টানা ১১টি চলচ্চিত্রে কাজ করা বুবলীর জন্য রোমাঞ্চকর একটা ভ্রমণ টান। তাঁর মতে, এই চলচ্চিত্রে তিনি এমন সব লোকেশনে তিনি কাজ করেছেন, যেখানে আগে কখনো তাঁর যাওয়া হয়নি।

বুবলী বললেন, ‘প্রথম চলচ্চিত্র বসগিরি মহরতে বলেছিলাম, গল্পপ্রধান চলচ্চিত্রে কাজ করতে চান। এই চলচ্চিত্রে সেটা চমৎকারভাবে করতে পেরেছি। শুটিংয়ের আগে প্রস্তুতির সময় কম পেলেও কাজটা আমাকে ভীষণ আনন্দ দিয়েছে। চরিত্রটা চ্যালেঞ্জিংও ছিল। তাই কাজ করে ভালো লেগেছে। আমরা প্রায়ই বলে থাকি, গল্পটা অন্য রকম—এই চলচ্চিত্রের গল্প সত্যিই অন্য রকম। গল্পটা আমাকে যখন শোনানো হয়, মনে হয়েছে কাজের সুযোগ অনেক বেশি। অনেক প্র্যাকটিক্যাল ইস্যুও এখানে তুলে ধরা হয়েছে।’

পরিচালক রায়হান রাফি বলেন, ‘চরকির সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এই সিনেমার গল্পটা নিয়ে আমি প্রথম থেকেই এক্সসাইটেড ছিলাম। আর্টিস্টসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার কারণে কাজটা অল্প সময়ে শেষ করা সম্ভব হয়েছে। আশা করছি, টান নিয়ে দর্শক হতাশ হবেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *