Home আলোচিত নির্বাচনের আগে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ইলিয়াস কাঞ্চন-নিপুণরা

নির্বাচনের আগে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ইলিয়াস কাঞ্চন-নিপুণরা

0
309

বাংলাদেশের শোবিজে এই মুহূর্তে সবচেয়ে আলোচনায় বিষয়-চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। আগামী শুক্রবার (২৮ জানুয়ারি) দেশীয় চলচ্চিত্রের আঁতুড়ঘর হিসেবে পরিচিতি বিএফডিসিতে হবে এই নির্বাচন। সিনেমার তারকাদের এই নির্বাচনে লড়াই হবে দুটি প্যানেল ইলিয়াস কাঞ্চন-নিপুণ ও মিশা-জায়েদ পরিষদের মধ্যে।

ভোটের আগে দুই পক্ষের কথার ঝড়ে উত্তপ্ত নির্বাচনী মাঠ। আর ঠিক এই সময়ে গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেছেন কাঞ্চন-নিপুণ পরিষদের কয়েকজন সদস্য।

এদিকে সামাজিকমাধ্যমে তাদের কয়েকটি স্থিরচিত্র ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা মত-অভিমত তৈরি হতে থাকে। বিষয়টি নিয়ে বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে কথা বলেন কাঞ্চন-নিপুণ প্যানেলের সহ-সভাপতি প্রার্থী রিয়াজ।

এই অভিনেতা বলেন, এটা একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। খুব গুরুত্বপূর্ণ কিছু নয়। অনেকেই থ্রেড দিচ্ছে সেগুলো জানিয়েছি। এছাড়া নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেদিকে একটু খেয়াল রাখার অনুরোধ জানিয়েছি। তিনি আমাদের কথা শুনেছেন এবং সুষ্ঠ পরিবেশের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে ইলিয়াস কাঞ্চন ও নিপুণের প্যানেলের সদস্যরা মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বাসায় যান। সেখানে প্যানেলের সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি প্রার্থী রিয়াজ, সহ সাধারণ সম্পাদক প্রার্থী সাইমন সাদিক এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here