জায়েদ খানকে বিয়ে করতে বললেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক- কথার বানে একে অপরকে করছেন কুপোকাত। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উত্তাপ ছড়াচ্ছে দুই পক্ষ ও তাদের সমর্থকরা। কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না।

দুদিন আগে মিশা-জায়েদ প্যানেল পরিচিতি অনুষ্ঠানে জায়েদ খান বলেছিলেন, মা মারা যাওয়ার আগে বলেছিলেন বিয়েশাদী করা লাগবে না, সমিতি নিয়ে থাকো। কিন্তু আমি না শুনে শিল্পী সমিতি ও সংগঠন নিয়ে ছিলাম। সমিতির প্রতি নিজের ভালোবাসা বোঝাতেই একথা বলেন জায়েদ।

এই কথার প্রেক্ষিতে মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে ইলিয়াস কাঞ্চন তার প্যানেল পরিচিতি অনুষ্ঠানে জায়েদ খানকে বিয়ে করার পরামর্শ দিলেন!

জায়েদের উদ্দেশে তার প্রতিদ্বন্দ্বী প্যানেলের সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ছোটভাই তোমাকে অনুরোধ করছি, শিল্পী সমিতি তো আছেই; তারপরেও তুমি বিয়ে করো। তোমার সন্তান হোক। আমরা চাচা হই। তোমার বোধদয় হোক। তুমি খালাম্মার কথা শোনো নাই, অন্তত আমাদের কথাটি শোনো। তোমার মঙ্গল হোক।’

মিশা-জায়েদ প্যানেল থেকে ছড়ানো হয়েছে ইলিয়াস কাঞ্চন সবসময় শিল্পীদের পাশে ছিলেন না। পরিচিতি অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন এ কথার প্রেক্ষিতে বলেন, আমি সবসময় শিল্পীদের সঙ্গে ছিলাম। আগের নির্বাচনে আমাকে নির্বাচন কমিশনার হতে বলা হয়েছিল, আমি ছিলাম। শিল্পী সমিতির উপদেষ্টা কমিটিতে থাকতে বলা হয়েছিল, আমি ছিলাম।

ইলিয়াস কাঞ্চন বলেন, এবারও আমাকে নির্বাচন কমিশনারের দায়িত্ব নিতে বলা হয়েছিল। চিঠি দিতে চেয়েছিল। আমি বলেছিলাম, সবসময় এসবই করবো নাকি? কই আমাকে তো কখনও সভাপতি হতে বলা হলো না! শুরুতে নির্বাচন করার ইচ্ছে ছিল না। নিপুণ, রিয়াজ, ফেরদৌস অন্যরা আমাকে এমনভাবে ধরেছে যে আমি না করতে পারিনি। তারা ভালো বলে তাদের সঙ্গে আছি।

ধন্যবাদ জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, তারা আমাকে সভাপতি হিসেবে চেয়েছে বলে আমি তাদের সঙ্গে আছি। এর আগে আমাকে কেউ সভাপতি হিসেবে নির্বাচন করতে বলেনি। তারা শুধু নিজেরাই এই পদে থাকতে চায়। নিপুণরা আমাকে ডেকেছে বলে আমি তাদের ধন্যবাদ জানাই।

সর্বশেষ অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের ধন্যবাদ দিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, আজ এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের ধন্যবাদ। যারা আসেননি তাদেরও ধন্যবাদ। যারা ভোট দেবেন তাদের ধন্যবাদ আর যারা ভোট দেবেন না তাদেরও ধন্যবাদ। আর ধন্যবাদ ওই প্যানেলের প্রতি। কারণ ওদের জন্যই আমরা এই সুন্দর একটা প্যানেল তৈরি করতে পেরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *