সমালোচকদের ধুয়ে দিলেন জায়েদ খান

‘শিল্পী সমিতির নির্বাচনে আমি অবাক, আমরা জোকারে পরিণত হচ্ছি’ শিরোনামে প্রবীণ অভিনেত্রী আনোয়ারার একটি ভিডিও এনটিভির ফেসবুক পেজে প্রকাশ হয় গেল ২৩ জানুয়ারি।

সেখানে অন্তর্জালবাসীর একাংশ এই খ্যাতিমান অভিনেত্রীকে ঘিরে নেতিবাচক মন্তব্য করেছেন, যার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খান।

জায়েদ খানের ভাষ্য, ‘মানুষকে এ ধরনের হীন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। গুণী মানুষকে তাঁর প্রাপ্য সম্মান দেওয়া শিখতে হবে।’

অন্তর্জালে জায়েদ খান নিজেও কটাক্ষের শিকার হন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোটকে কেন্দ্র করে যাঁরা এমনটা করছেন, তাঁরা কিন্তু ভোটার নন। আমি ভালো কি খারাপ, সেটা আমার শিল্পীরা বিচার করবেন। ২৮ জানুয়ারি সেই বিচারের দিন। আমি ভালো কাজ করলে এবারও জয়ী হব। না করলে চলে যাব। কিন্তু আমাকে নিয়ে বাজে মন্তব্যের কিছু নেই।’

নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশে জায়েদ খান ব্যবহার করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বঙ্গমাতা’র শেষ দুই পঙ্‌ক্তি; ‘সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালী করে, মানুষ কর নি।’

আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলের বিপক্ষে লড়বে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল।

সম্প্রতি নিজেদের প্যানেল পরিচিত সভায় বিগত দুই মেয়াদে সাধারণ সম্পাদকদের দায়িত্ব পালন কালে শিল্পীদের উন্নয়নে কি কি কাজ করেছেন তার একটা সংক্ষিপ্ত বর্ণনা দেন জায়েদ। দাবি করেন তিনি নেতৃত্বে আসার পর থেকেই শিল্পীদের পাশে ছিলেন এবং থাকতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *