ঢাকা- বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সরকার নির্ধারিত ভাড়া আদায়ে প্রতি বাস স্টপেজে ভাড়ার তালিকা টাঙানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এটা বাস্তবায়ন করতে বলা হয়েছে আগামী ৩০ দিনের মধ্যে।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২৪ জানুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদেশের বিষয়টি জানিয়ে পরে আইনজীবী মো. আবু তালেব গণমাধ্যমকে বলেন, ‘বাস থামার প্রতিটি নির্দিষ্ট জায়গায় প্রকাশ্যে ও যাত্রীদের কাছে সহজে দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা প্রকাশ ও ইলেকট্রনিক বিলবোর্ডের মাধ্যমে ওই তালিকা প্রদর্শনের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। বাস ও মিনিবাসসহ গণপরিবহনে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নিতেও বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে।’
রুলে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ১২২ ধারা অনুযায়ী বাস, মিনিবাস তথা গণপরিবহনের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত বিধিমালা প্রণয়নে ব্যর্থতা কেন বেআইনি হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু সচিব, সহকারী সচিব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান ও পরিচালকসহ (প্রকৌশল) বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
