আজ থেকে অর্ধেক জনবল নিয়ে চলবে সব অফিস

ঢাকা- করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ সোমবার থেকে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস অর্ধেক জনবল দিয়ে চালাতে হবে। গতকাল রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত পরিস্থিতি বিবেচনায় আজ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিসগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ করে অর্ধেকসংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়ে পরিচালনা করতে হবে।

অন্যান্য কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে অবস্থান করবেন এবং দাপ্তরিক কার্যক্রম ভার্চুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যমে) সম্পন্ন করবেন।

প্রজ্ঞাপনে বাংলাদেশ সুপ্রিম কোর্টকে আদলতসমূহের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক সব ব্যাংক ও বীমার ক্ষেত্র প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।

এর আগে শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি অর্ধেক লোকবল দিয়ে অফিস-আদালত পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘সংক্রমণ নিয়ন্ত্রণে যে ১১ দফা বিধি-নিষেধ তা সবাইকেই মেনে চলতে হবে। আমরা আগেও বিধি-নিষেধ দিয়েছি, এগুলো কার্যকরের চেষ্টা চলছে। সংক্রমণ যাতে কমে সে জন্য এই সিদ্ধান্ত। পরিবার, দেশ ও নিজের সুরক্ষার জন্য আমাদের নিয়মগুলো মানতে হবে। ‘

এদিকে, সর্বশেষ রবিবারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত রোগী হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১০ হাজার ৯০৬ জন। শনাক্তের হার ৩১ দশমিক ২৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *