আবার শীতের তীব্রতা বাড়বে, যা বললেন আবহাওয়াবিদ

মাঘের মধ্যে সকাল থেকে কয়েক জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। যার প্রভাবে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস রোববার (২৩ জানুয়ারি) সকালে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল থেকে বেশ কিছু জেলায় বৃষ্টি পড়েছে। গত ২৪ ঘণ্টায় তিন জেলায় বৃষ্টি হয়েছে। সাতক্ষীরায় ২ মিলিমিটার, যশোর ও বাগেরহাটের মোংলাতে ১ মিলিমিটার করে বৃষ্টি হয়েছে।

সারা দেশেই এমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে রুহুল কুদ্দুস জানান, বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে; এর প্রভাবে শীত বাড়বে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি। আগামী ৪৮ ঘণ্টায় এমন আবহাওয়া বিদ্যমান থাকার পর রাতের তাপমাত্রা কমে আসবে; শীত আরও বাড়বে।

রোববার (২৩ জানুয়ারি) মাঘ মাসের ৯ তারিখ। দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। তাপমাত্রা কোথাও ১১ ডিগ্রির নিচে নেই। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গল ও সীতাকুণ্ডে।

ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিলো টেকনাফে।

শনিবার সারাদিনই ঢাকার আকাশে রোদ ও মেঘের লুকোচুরি খেলা ছিল। রোববারও একই অবস্থা, সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা। কখনো মেঘের আড়াল থেকে উঁকি দিয়ে ফের হারিয়ে যাচ্ছে সূর্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *