পরীমণি মানেই চমক। ঢালিউডের আলোচিত এই নায়িকার এবার বিয়ে হয়েছে মাত্র ১০১ টাকা দেনমোহরে। বর চিত্রনায়ক শরিফুল ইসলাম রাজ।
শনিবার (২২ জানুয়ারি) দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়।
বিয়েতে উপস্থিত থাকা নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম জানান, ১০১ টাকা দেনমোহরে পরী-রাজের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। বিয়েতে উকিল বাবার ভূমিকায় ছিলেন আরেক নির্মাতা রেদওয়ান রনি।
এর আগে শুক্রবার (২১ জানুয়ারি) হলুদ অনুষ্ঠান হয়। সেখানে অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, রেদওয়ান রনি ও অভিনেতা ডি এ তায়েব।
জানা গেছে, পরী-রাজের এই বিয়ে আনুষ্ঠানিকতা মাত্র। তার আগে গত বছর ১৭ অক্টোবর চুপিচুপি বিয়ে করেন। বিষয়টি ঘোষণা দিয়েছেন চলতি বছরের ১০ জানুয়ারি। একই সঙ্গে আরও জানান, বাবা-মা হতে চলেছেন দু’জনে।
এদিকে পরীমনির এটি ঠিক কত নম্বর বিয়ে, সেটি নিশ্চিত হতে পারেনি নজর২৪। তবে রাজের গলায় মালা দেওয়ার আগে বিভিন্ন সময়ে তিনি আরও একাধিক বিয়ে করেছেন। যার কোনোটাই স্থায়ী হয়নি।
জানা যায়, সবশেষ ২০২০ সালের ৯ মার্চ দিবাগত রাতে নির্মাতা ও অভিনেতা কামরুজ্জামান রনির সঙ্গে হঠাৎ করেই বিয়ের খবর দেন পরী। সেই বিয়েতে কাবিন হয়েছিল মাত্র ৩ টাকা। তবে সে বিয়ে তিন মাসও টেকেনি। বিয়ের পর পরই বিচ্ছেদ হয়ে যায় তাদের।

যদিও বিয়ের পর ৩ টাকা দেনমোহরের বিষয়ে পরীমনি তখন গণমাধ্যমকে বলেছিলেন, ‘অনেক হিসাবনিকাশ করে তো জীবনের পরিকল্পনা করাই যায়। কিন্তু জীবন চলে তার নিজস্ব পথে। জন্ম, মৃত্যু ও বিয়ে সবই আল্লাহর হাতে—এটা আমি খুবই মানি। আমার কাছে মানুষের প্রতি মানুষের বিশ্বাসটাও অনেক গুরুত্বপূর্ণ। এটার ওপর নির্ভর করে মানুষ তার জীবনকে এগিয়ে নিয়ে যায়।’
জনপ্রিয় এ অভিনেত্রী আরও বলেন, ‘মানুষ যখন কাউকে “আই লাভ ইউ” বলে, তোমাকে আমি চাই— এটা কিন্তু তাকে ছাড়ার জন্য নিশ্চয় বলা হয় না। কিন্তু এখন বিয়ের শুরুতেই বলে দেওয়া হয়, দেনমোহর কত হবে? ছাড়াছাড়ি হয়ে গেলে এগুলো আবার দিতে হবে। এগুলো কিন্তু একটা মানসিক চাপ হিসেবে মাথায় ঢুকে যায়। ছাড়াছাডি নিয়ে চিন্তার চেয়ে আমার কাছে বন্ধনটা খুব জরুরি। জীবনের অনেক কিছু হিসাবনিকাশ করে হয় কিন্তু বিয়ের মতো বড় বিষয়ে হিসাবনিকাশ চলে না। আমি খুবই খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একটু পাগল আছি তো, ও যেন আমাকে ঠিকঠাক বোঝে— সেই দোয়া সবার কাছে চাইছি।’
এদিকে শুধু কামরুজ্জামানই নয়, মিডিয়ায় আসার পর ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি সাংবাদিক ও আরজে তামিম হাসানের সঙ্গে পরীমনির প্রেমের খবর প্রকাশিত হয়। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি বেশ ঢাকঢোল পিটিয়ে তাঁদের বাগদান সম্পন্ন হয়।
শোনা গিয়েছিল, পরের বছর ভালোবাসা দিবসে বিয়ে করবেন তাঁরা। সে বছর জুনে দেওয়া এক সাক্ষাৎকারে পরীমনি তাঁদের সম্পর্ক ভেঙে যাওয়ার ইঙ্গিত দেন।
এর আগেও একাধিক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরীমনির। ভেঙেও যায়।
