নীলক্ষেত মোড় অবরোধ শিক্ষার্থীদের, ঢুকছে না গাড়ি

ঢাকা- চলমান পরীক্ষা হঠাৎ করেই স্থগিতের প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের ডিগ্রির শিক্ষার্থীরা।

শনিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় নীলক্ষেত মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এ কারণে নিউমার্কেট-আজিমপুর সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

শিক্ষার্থীরা জানান, কেন্দ্রে উপস্থিত হয়ে তারা জানতে পারেন পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজই তাদের শেষ পরীক্ষা ছিল।

তাদের অভিযোগ, ২০১৮ সালে দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ২০২২ সালে শেষ হচ্ছে। গত ২১ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে আজ শেষ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।

কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী রাব্বি জমাদ্দার বলেন, আমরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে কেন্দ্রে আসার পর জানতে পেরেছি পরীক্ষা স্থগিত করা হয়েছে। কোনো নোটিশ দেওয়া হয়নি। এমন অসম আচরণ শুধুমাত্র সাত কলেজের প্রতিই করা হচ্ছে।

জানতে চাইলে ঢাকা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ও সেভেন কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. আবদুল কুদ্দুস সিকদার বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন মৌখিকভাবে পরীক্ষা বন্ধ করা হয়েছে, কোনো প্রকার নোটিশ দেওয়া হয়নি। এমন আচরণ আমরাও প্রত্যাশা করি না। দূরদূরান্ত থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছে। তাছাড়া আজ তাদের শেষ পরীক্ষা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *