বিনোদন ডেস্ক- জিয়াউল হক পলাশ এখন অভিনেতা হিসেবেই ব্যাপক জনপ্রিয়। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের পর তাকে এখন ‘কাবিলা’ নামেই চেনে দর্শকরা। কিন্তু তিনি সবসময় বলে এসেছেন তার দুর্বলতা পরিচালনায়। পরিচালক হতেই তার এই পথচলা।
সম্প্রতি জনপ্রিয় এই অভিনেতার ফেসবুক অ্যাকাউন্টে চোখ রাখলে নিঃসন্দেহে বিস্মিত হবেন যে কেউ। কারণ সেখানে দেখাচ্ছে, ‘রিমেম্বারিং’! যেসব ফেসবুক অ্যাকাউন্টের অধিকারী মৃত্যুবরণ করেন, তাদের প্রোফাইলেই ফেসবুক কর্তৃপক্ষ এই ট্যাগ জুড়ে দেয়।
কিন্তু পলাশের ফেসবুকে কেন? বিষয়টি জানার জন্য তার সঙ্গে যোগাযোগ করা হয়। গণমাধ্যমকে তিনি জানালেন, এই মুহূর্তে নতুন প্রজেক্টের চিত্রনাট্য সাজানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
ফেসবুকে মৃত দেখানোর বিষয়টি নিয়ে জানতে চাইলে পলাশ বলেন, ‘আসলে কিছু বলার নেই। জীবিত মানুষকে মেরে ফেলেছে! আমি ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি। এখন কাজ চলছে। ৪৮ ঘণ্টার মধ্যে বিষয়টা ঠিক হয়ে যাবে।’
আক্ষেপের সুরে পলাশ বললেন, ‘কিছু মানুষ রিপোর্টের অপশনে গিয়ে এই অপকর্ম করেছে। আমি মনে করি এটা তারাই করেছে, যাদের মনুষ্যত্ব বিকৃত, যাদের আসলে কোনো ধরণের কাজই নেই। বেকার, বিকৃত মস্তিষ্কের মানুষ তারা। এর বাইরে এমন কাজ করতে পারে না। কারো তো এতো সময় নেই। কোনো একজনের ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে রিপোর্ট অপশন খুঁজে তাকে মৃত দেখানোর জন্য ফেসবুকের কাছে জানানোর এই অযথা সময় তো সবার নেই। এখন কী করার!’
