বিনোদন ডেস্ক- গত বছরের শুরু থেকে ধরা-ছোঁয়ার বাইরে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভীন পপি। সোশ্যাল মিডিয়া বা মুঠোফোনেও তার সাড়া মিলছে না। হঠাৎ অন্তরালে চলে যাওয়ায় চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন, বিয়ে করে সংসারী হয়েছেন তিনি। এরপর গুঞ্জন ছড়ায়, মা হতে চলেছেন পপি। সর্বশেষ গত ২৯ অক্টোবর একটি সূত্রে জানা যায়, তিনি পুত্রসন্তানের মা হয়েছেন!
তবে সম্প্রতি চলচ্চিত্রাঙ্গনে খবর ছড়ায় এই নায়িকা কন্যা সন্তানের মা হয়েছেন। কিন্তু পপির পারিবারিক ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে, পপি পুত্র সন্তানেরই মা-ই হয়েছেন। আর সেই সন্তান জন্ম নিয়েছে গত নভেম্বর মাসে।
ওই সূত্র বলছে, পপি ২০২১ সালের ১০ নভেম্বর পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। আর সন্তান জন্ম নিয়েছে ঢাকায়। পপির পরিবারের ঘনিষ্ঠ ওই ব্যক্তির দাবি, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে পপি কন্যা সন্তানের মা হয়েছেন বলে যে তথ্য পরিবেশন করা হয়েছে, তা সঠিক নয়। আমরা পারিবারিকভাবে জেনেছি, তিনি পুত্রসন্তান জন্ম দিয়েছেন।
পপি স্বামী পুরান ঢাকার একজন ব্যবসায়ী। এক সময় তিনি মালয়েশিয়ায় ছিলেন। সেই সুবাদেই গুঞ্জন ছড়ায়, পপি সন্তান জন্ম দেওয়ার জন্য মালয়েশিয়ায় গিয়েছিলেন। সেটিও গুজব বলে জানায় ওই সূত্র।
১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি। কিন্তু তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘কুলি’। মনতাজুর রহমান আকবর পরিচালিত এ সিনেমা ৭ কোটি টাকা ব্যবসা করে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই নায়িকাকে। পপি অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। সাদেক সিদ্দিকী পরিচালিত এ সিনেমায় আমিন খান-পপি জুটি বেঁধে অভিনয় করেন।
