শামছুজ্জামান বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে মনির মিয়া (৪৫) নামের এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে পুলিশ চরশ্রীরামপুর বড়ডোবা বিলের বোরো ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে।
বুধবার (১৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে চরশ্রীরামপুর এলাকার বড়ডোবা বিলের বোরো ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
অটোরিকশা চালক নিহত মনির মিয়া নান্দাইল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাকচর নলুয়াপাড়া মহল্লার মৃত আজিম উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ভাড়ায় নেয়া অটোরিকশার চালক মনির মিয়া গত রাতে অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। রাতে তার (মনির মিয়া) স্বজনরা খোঁজ করেও কোন সন্ধান পায়নি। সকাল ৮টার দিকে নান্দাইল উপজেলার কানরামপুর-ত্রিশাল সড়কের চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর বড়ডোবা বিলের ধানক্ষেতে তার মরদেহ স্থানীয়রা দেখে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, রাতের কোন এক সময় যাত্রীবেশে দুর্বৃত্তরা গাড়িতে উঠে তাকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ‘খবর পেয়ে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
