মধুপুর বনাঞ্চলে ক্যামেরায় দেখা মিললো লজ্জাবতী বানরের !

সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মধুপুরের বনাঞ্চলে বিলুপ্তপ্রায় প্রাণী লজ্জাবতী বানরের সন্ধান পাওয়া গেছে। এক্ষেত্রে মধুপুর বনাঞ্চলে এমন বিরল প্রজাতির প্রাণীর সন্ধান পাওয়ায় সকলেই হতভম্ব হয়ে গেছেন।

 

গত বুধবার (২১ শে অক্টোবর) মধুপুরের জাতীয় উদ্যান রেঞ্জের লহুরিয়া বিটের গভীর জঙ্গলে ভিডিওগ্রাফার আব্দুর রহমান রূপমের ক্যামেরায় ধরা পড়ে লজ্জাবতী বানর। বিভিন্ন সোস্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে মধুপুরে সন্ধান পাওয়া এই লজ্জাবতী বানরটির খবর মূহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

 

মধুপুরের সৌখিন ভিডিওগ্রাফার আব্দুর রহমান রুপম জানান, “বানর ও হনুমানের ওপর একটি ডকুমেন্টেশন নির্মাণ করছেন তিনি নিজস্ব অনলাইন চ্যানেল ‘ভয়েস অব মধুপুর’ এ প্রচারের জন্য । আর এ ডকুমেন্টশনের শুটিং করার সময় ওই বনবিটের বাঁশঝাড়ে লজ্জাবতী বানরের খবর পেয়ে স্থানীয় বনকর্মীরাও সেখানে হাজির হন। তারা বিরল প্রজাতির এ বন্য প্রাণীটি স্বচক্ষে দেখেন।”

 

মধুপুরের বন সংরক্ষক কর্মকর্তা সূত্রে জানা যায়, “মধুপুর বনে প্রায় দেড় বছর যাবৎ এ লজ্জাবতী বানরটি ঘুরে বেড়ালেও কখন, কীভাবে মধুপুর বনাঞ্চলে এসেছে তা বলা যাচ্ছেনা।”

 

টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা সূত্রে জানা যায়, “মধুপুর বনাঞ্চলে লজ্জাবতী বানরের বসবাসের কোনো ইতিহাস নেই। এটি পুরোটাই চিরহরিৎ বনের প্রাণী। শুস্ক মৌসুমে মধুপুর বনাঞ্চল পাতাশূণ্য হয়ে গেলে সাধারণ বানর-হনুমানের তখন খাবার সংকট চলে। এখানে লজ্জাবতী বানরের টিকে থাকা খুবই কঠিন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *