অন্য দলে যোগ দেব না, বিএনপির কর্মী হিসেবে কাজ করবো: তৈমূর

নারায়ণগঞ্জ- বিএনপি থেকে বহিষ্কৃত হলেও দলটির সমর্থক হিসেবে রাজনীতি করে যাবেন বলে জানিয়েছেন তৈমূর আলম খন্দকার।

বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পরের দিন বুধবার (১৯ জানুয়ারি) নারায়ণগঞ্জ নগরীর মাসদাইর এলাকায় নিজ বাড়িতে বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তৈমূর বলেন, ‘আমি জাতীয়তাবাদে বিশ্বাসী। দল আমাকে বহিষ্কার করলেও আমি একজন সমর্থক ও কর্মী হিসেবে আমি রাজনীতি করে যাব।

‘দলের নীতি নির্ধারকরা যেটা ভালো মনে করেছেন তারা সেটা করেছেন। আমি আমার কাজ করে যাব। যাকে মায়ের মতো মনে করি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য কাজ করে যাব; ইভিএমের বিরুদ্ধে কাজ করে যাব।’

তিনি আরও বলেন, ‘অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান থাকবে, আপনারা কেউ ইভিএম মেনে নিবেন না। এটা ভোট ডাকাতের বাক্স।’

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভীর কাছে হেরে যাওয়ার বেদনার মধ্যে মঙ্গলবার বিএনপি থেকে বহিষ্কার করা হয় তৈমূরকে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হলো।

বহিষ্কারের ব্যাপারে তৈমূর বলেন, ‘আমি মনে করি রাজনীতি করতে গেলে একটা দল থাকতে হয়। কিন্তু পদ-পদবী দরকার হয় না। দলের সিদ্ধান্ত আমাকে টেলিফোনে বা চিঠিতে কেউ জানায়নি। তবে দলের সিদ্ধান্ত নেমে নিলাম, জানান তিনি।

‘আমাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে, কর্মী থেকেতো বহিষ্কার করেনি। দলের কর্মী-সমর্থক হিসেবে কাজ করে যাবো। আমি খেটে খাওয়া মানুষের পক্ষে থাকবো। অন্য কোন প্লাটফর্মে যাবো না।’

দলের এই সিদ্ধান্তে কারো প্রতি কোন ক্ষোভ নেই বলেও জানান তৈমূর আলম খন্দকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *