বিনোদন ডেস্ক- রাজধানীর অদূরে কেরানীগঞ্জ থেকে চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর (৩৫) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
সোমবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জায়েদ খান।
তিনি বলেন, তাঁর ভাই সন্ধ্যায় আমার কাছে ছুটে আসে। বলে কাল থেকে শিমুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি একজন পুলিশ কর্মকর্তাকে ফোন করলাম তথ্যের জন্য। পরে খোকন মিটফোর্ড হাসপাতলে গিয়ে শিমুর মরদেহ শনাক্ত করে আমাকে ফোন করে কাঁদছিল।
কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজি রমজানুল হক বলেন, ‘নায়িকা রাইমা ইসলাম শিমুর মরদেহ আজ (সোমবার) সকালে কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের আলিপুর নামক স্থানে একটি ব্রিজের নিচে থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা হয়। মরদহের গলায় একটি দাগও রয়েছে। মরদেহটি উদ্ধার করে আমরা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছি। শিমু নিখোঁজ হওয়ার এ বিষয়ে কলাবাগান থানায় একটি জিডি হয়েছিল।’
প্রাথমিকভাবে এটি হ ত্যাকাণ্ড মনে হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেহেতু মরদেহটি বস্তাবন্দি ছিল এবং গলায় দাগ ছিল সেহেতু আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটি হ ত্যাকাণ্ড। তবে এ বিষয়ে আমরা তদন্ত করছি। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।’
উল্লেখ্য, শিমু ১৯৯৮ সালে সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন। ২০০৪ সাল পর্যন্ত নিয়মিত বড় পর্দায় দেখা গেছে তাকে। প্রথম সারির পরিচালকদের সিনেমায় অভিনয় করেছিলেন শিমু। গত কয়েক বছর ধরে তিনি নাটকের সঙ্গে যুক্ত ছিলেন।
