বিনোদন ডেস্ক- টলিগঞ্জের লাস্যময়ী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় কি আবারও বিয়ে করছেন? নইলে কপালে সিঁদুর, গায়ে বেনারসি শাড়ি জড়িয়ে নতুন বউ সাজবেন কেন? গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন নায়িকা। যেখানে তাকে বিয়ের পোশাকে দেখা গেছে। সাত সেকেন্ডের ওই ভিডিও দেখলে মনে হতেই পারে, হয়তো আবারও নতুন কোনো জীবনসঙ্গী খুঁজে নিয়েছেন তিনি।
এ ভিডিও পোস্টের পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে কৌতুহল বাড়ছে, তবে কি চতুর্থ বিয়ের পথে হাঁটছেন শ্রাবন্তী! তবে বিয়ের গুজব ছড়ানোর বিষয়ে অভিনেত্রী নিজে সতর্ক করেছেন।
এমনিতেই ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় আলোচনা-সমালোচনায় থাকেন শ্রাবন্তী। তাইতো এ ভিডিও ঘিরে যেন নতুন কোনো বিতর্কের সৃষ্টি না হয়, সেজন্য ক্যাপশনে তিনি লিখেছেন- ‘শুটিং মুড অন’, অর্থাৎ নতুন ছবির শুটিং নিয়ে ব্যস্ত তিনি। চরিত্রের প্রয়োজনেই বধূ সেজেছেন তিনি।
ভিডিওর পরের অংশে দেখা যায়, শুটিং সেট প্রস্তুত হচ্ছে। সেখানে তাঁকে বিয়ের দৃশ্যে অভিনয় করতে হবে। এর আগেও সিনেমাটির শুটিংয়ে কালো শাড়িতে সিঁদুর পরে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। তখনো তাঁর বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়ে যায়।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শ্রাবন্তীকে দেখা যাবে তরুণ নির্মাতা অয়ন দে পরিচালিত ‘ভয় পেয়ো না’ সিনেমায়। চরিত্রের নাম তমসা। এখন সিনেমাটির শুটিং নিয়েই তিনি ব্যস্ত। সিনেমাটিতে সুশান্ত চরিত্রে অভিনয় করেছেন ওম।
তাঁদের স্বামী–স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। পারিবারিক এই গল্পে স্বামী-স্ত্রীর মানসিক দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে। এই দম্পতির মধ্যে সম্পর্ক ভালো নয়। সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শাশুড়ি। নানা রহস্যের মধ্যে দিয়ে গল্প এগিয়ে চলে।
গত বছর তৃতীয়বার বিয়ে করেন শ্রাবন্তী। সেপ্টেম্বর মাসেই তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে বিচ্ছেদ নিয়ে আলিপুর আদালতে মামলা করেন শ্রাবন্তী। পরে নির্বাচনে হেরে দল ত্যাগ করে সমালোচনার মুখে পড়েন তিনি। এরই মধ্যে ছড়িয়ে পড়ে, নতুন করে এক ব্যবসায়ীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন, শিগগিরই তাঁকে বিয়েও করবেন শ্রাবন্তী। এসব নিয়েই টালিউডের আলোচনায় ছিলেন এই নায়িকা। শ্রাবন্তীকে শিগগির দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারের ‘ধাপ্পা’ ছবিতে।
