বিনদন্দ ডেস্ক- জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি মা হচ্ছেন। গত বছরের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ের ছয় মাসের মাথায় এই সুখবর দিলেন তিনি।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) একটি ভিডিওর মাধ্যমে খবরটি প্রকাশ্যে এনেছেন গায়িকা।
এটি হতে যাচ্ছেন ন্যানসির তৃতীয় সন্তান। এর আগের দুই সন্তানের নাম রোদেলা ও নায়লা। অনাগত সন্তানের নাম রেখেছেন মেহনাজ।
মহসীন মেহেদীর সঙ্গে আংটি বদল থেকে শুরু করে অন্তঃসত্ত্বা হওয়ার জার্নির কিছু স্থিরচিত্র দিয়ে ভিডিও বানিয়ে নিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করেছেন গায়িকা।
এর আগে সংবাদমাধ্যমকে ন্যানসি বলেছিলেন, ‘নতুন করে আবার মা হতে পারব, এটা কল্পনাও করিনি। কারণ আমার আগের দুটি সন্তান জন্মের সময় কিছু জটিলতা ছিল। তখন ডাক্তার জানিয়েছিলেন, আমি হয়ত আর মা হতে পারব না। নানান সমস্যা হতে পারে। কিন্তু সেই অনিশ্চয়তা কাটিয়ে আবার মা হচ্ছি, এই আনন্দ সত্যিই ভাষায় প্রকাশ করার মতো না।’
গানের সুবাদেই মহসীন মেহেদীর সঙ্গে সম্পর্ক হয় ন্যানসির। মেহেদী একজন গীতিকার, পাশাপাশি অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত আছেন। ভালোবাসাকে পরিণতি দিয়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
উল্লেখ্য, নাজমুন মুনিরা ন্যান্সি ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। আনুষ্ঠানিকভাবে ২০১২ সালের ২৪ মে ছয় বছরের সংসারজীবনের ইতি টানেন তিনি। তাদের একমাত্র মেয়ে রোদেলা।
ন্যান্সি পরবর্তী সময়ে নাজিমুজ্জামান জায়েদকে ২০১৩ সালের ৪ মার্চ বিয়ে করেন। জায়েদ ময়মনসিংহে চাকরি করছেন এবং ব্যবসার সঙ্গেও জড়িত। এ সংসারে জন্ম নেয় আরেক কন্যা সন্তান নায়লা। তবে গত বছরের শুরুতে ন্যানসির সেই সংসার ভেঙে যায় নানান ঘাত প্রতিঘাতে।
