পৃথিবীর প্রচুর শিক্ষিত মেয়ে বিয়ে করেনি, সন্তান জন্মও দেয়নি: তসলিমা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘নির্বাসিত’ লেখিকা তসলিমা নাসরিনের একটি স্ট্যাটাস নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এতে তিনি নারীর ক্যারিয়ার, বিয়ে, সন্তান জন্ম দেওয়াসহ নানা বিষয় তুলে এনেছেন।

“সন্তান জন্ম দেওয়ার এত দরকার কেন?” এই প্রশ্ন তুলেই ফেসবুক পোস্টটি শুরু করেন তসলিমা নাসরিন। তাঁর মতে, মাতৃত্বেই নারীজন্মের সার্থকতা জাতীয় বাকোয়াজ মস্তিস্কে কিলবিল করে বলেই একজন মহিলা সন্তান জন্মের কথা ভাবেন।

বিতর্কিত লেখিকার মতে, একজন সফল নারীর “অহেতুক সন্তান জন্ম দিয়ে কাজের সময় নষ্ট করা উচিত নয়।” বৃদ্ধ বয়সে সন্তানই অবলম্বন হবে, এই ভাবনা যাঁদের রয়েছে তাঁদের ‘দুষ্টবুদ্ধির লোক’ বলে কটাক্ষ তসলিমার।

ফেসবুক স্ট্যাটাসে তসলিমা আরও লেখেন, পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় আটশ’ কোটি। এত ভিড়ের পৃথিবীতে আপাতত কোনও নতুন জন্ম কাঙ্ক্ষিত হওয়ার কথা নয়। কিন্তু মেয়েরা যদি ভেবে নেয় জন্ম না দিলে তাদের জীবনের কোনও অর্থ নেই, তাহলে তারা যে ভুল তা তাদের বোঝাবে কে! সন্তানের জন্ম তারা দিতেই পারে যদি এমনই তীব্র তাদের আকাঙ্ক্ষা, তারপরও এ কথা ঠিক নয় জন্ম না দিলে তাদের জীবনের কোনও অর্থ নেই। কোনও কোনও মানুষ তাদের জীবনকে শখ করে অর্থহীন করে। তা ছাড়া কারও জীবনই অর্থহীন নয়। বরং যে ভ্রুণ আজও জন্মায়নি, সে ভ্রুণ অর্থহীন। পৃথিবীর প্রচুর শিক্ষিত, স্বনির্ভর, সচেতন মেয়ে বিয়ে করেনি, সন্তান জন্মও দেয়নি।

মঙ্গলবার ফেসবুকে এ স্ট্যাটাস দেন তিনি। এতে কারও নাম উল্লেখ করা না হলেও অভিনেত্রী পরিমণিকে উদ্দেশ্য করে এ স্ট্যাটাস দেওয়া হয়েছে বলে অনেকের ধারণা। কারণ এ অভিনেত্রী সম্প্রতি জানিয়েছেন, তিনি অভিনেতা শরিফুল রাজের সন্তান গর্ভে ধারণ করেছেন।

তসলিমার এই পোস্ট ঘিরে নেটদুনিয়ায় চলছে জোর আলোচনা। কেউ কেউ তসলিমার সঙ্গে সহমত। তবে অনেকেই বিতর্কিত লেখিকার কথা মানতে নারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *