Home বিনোদন আমার শত্রুরও যেন এই রোগটা না হয়: শাবনূর

আমার শত্রুরও যেন এই রোগটা না হয়: শাবনূর

0
367

বিনোদন ডেস্ক- ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী শাবনূর ও তার ছেলে আইজান নেহান করোনামুক্ত হয়েছেন। বুধবার সিডনি স্থানীয় সময় বিকেলে শাবনূর জানান তার করোনামুক্তির খবর। পাশাপাশি জানান, পুরোপুরি সুস্থ তিনি। সুস্থ আছেন তার ছেলেও।

শাবনূর বলেন, ‘বিশ্বাস করুন খুবই বাজে একটা রোগ করোনা। ঘরে থাকতে থাকতে হাপিয়ে উঠেছিলাম। তাছাড়া জ্বর ও হাচি কাশিতে ঘরের মধ্যে আতঙ্ক নিয়ে থাকতে হয়েছে। আমার শক্রুরও যেনো এই রোগ না হয়। এই দোয়াই করি। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া তিনি আমাকে ও আমার ছেলেকে সুস্থ করেছেন।’

এদিকে করোনামুক্ত হলেও শারীরিকভাবে দুর্বল অনুভব করছেন শাবনূর। তিনি বললেন, ‘শুনেছি, করোনামুক্ত হওয়ার মাস ২-৩ পর্যন্ত শারীরিক দুর্বলতা নাকি থাকেই। ডাক্তার বলেছেন খাওয়াদাওয়া করতে। আপাতত তাই, কোনো ডায়েট নিয়ে ভাবছি না। খাচ্ছি-দাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি।’

২০১২ সালে ব্যবসায়ী অনিক মাহমুদকে বিয়ের পর সিনেমা থেকে দূরে সরে যেতে থাকেন শাবনূর। এরপর তিনি অস্ট্রেলিয়ায় চলে যান এবং সেখানকার স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস শুরু করেন। গত বছরের ফেব্রুয়ারিতে অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের বিবাহবিচ্ছেদ হয়। তাই এখন সন্তানকে নিয়েই প্রবাস জীবন কাটছে নায়িকার।

এবারের জন্মদিন উপলক্ষে তার দেশে ফেরার কথা ছিল। পরিকল্পনাও করেছিলেন। কিন্তু সবকিছু চূড়ান্ত করতে পারেননি বিধায় পরিকল্পনা বাতিল করতে হয়। তাই জন্মদিনটা পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়াতেই উদযাপন করছেন।

সিনেমার ব্যস্ততা নেই বটে। কিন্তু শাবনূরের অবসর নেই। সন্তান ও সংসার নিয়ে সর্বদা ব্যস্তই থাকতে হয় তাকে।

এছাড়া ভক্তদের সঙ্গে যুক্ত থাকার উদ্দেশ্যে নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন। বিভিন্ন ভিডিও আপলোডের মাধ্যমে সক্রিয় থাকবেন। অবশ্য কয়েক মাস আগেও তিনি ইউটিউব চ্যানেল খুলেছিলেন। কিন্তু ক’দিন পরই সেটা হ্যাকড হয়ে যায়। তাই নতুন পদক্ষেপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here