সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুরে সড়ক দূর্ঘটনায় ফজলুল হক (৫৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার ১০টা ৫৫ মিনিটে মিঠাপুকুর শঠিবাড়ির বাজারের উত্তরপার্শ্বে রংপুর-ঢাকা মহসড়কে। ফজলুল হক দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা।
বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ওমর ফারুক জানান, ঢাকা থেকে রংপুরগামী একটি যাত্রীবাহি বাস শঠিবাড়ি এলাকায় আসলে একটি পায়ে চালিত পণ্যবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক ফজলুল হক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে ফজলুল হকের লাশ হাসপাতালে হিমঘরে রাখা হয়েছে।
এ ঘটনায় ঘাতক বাসকে আটকের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ।
