বিনোদন ডেস্ক- ‘পরীমণি কখনই আমাকে ছেড়ে যাবে না, আমিও যাবো না। আমাদের দুজনের কবরটাও একসঙ্গে হবে।’ বাবা হচ্ছেন বলে জানিয়ে স্ত্রী পরীমণিকে নিয়ে এমনই বললেন অভিনেতা শরিফুল রাজ।
অভিনেতা শরীফুল রাজ সোমবার পরীমণির একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। ছবিতে পরীমণির হাতে একটি ফুল, মুখে মাস্ক, হুইলচেয়ারে বসা। হুইলচেয়ারটি এগিয়ে নিয়ে যাচ্ছেন চিত্রনায়ক শরিফুল রাজ। তার মুখেও মাস্ক। ছবির ক্যাপশনে লেখা, ‘কনগ্র্যাচুলেশন রাজ, থ্যাংক ইউ পরী।’
ছবিটি দেখার পর প্রথমে অনেকেই ভাবেন, হয়তো কোনো সিনেমার দৃশ্য। কিন্তু তা ঠিক নয়, বাস্তব দৃশ্য এটি, যা সম্পর্কে পরে সাংবাদিকদের জানান পরী।
আলোচিত এই অভিনেত্রী জানান, তিনি মা হতে চলেছেন এবং তার সন্তানের বাবা শরিফুল রাজ। খবরটি জানানোর পর শুভ কামনায় ভাসতে থাকেন পরী-রাজ।
পরে জানা যায় তাদের পরিচয় প্রেম, পরিণয় ও বাবা-মা হওয়ার কাহিনী। রাজ জানান, ‘গুনিন’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় তাদের পরিচয় এবং প্রেম।
তবে এই প্রেম ও পরিণয়ের পুরো কৃতিত্ব পরিচালক গিয়াস উদ্দিন সেলিমকে দিতে চান শরিফুল রাজ। অভিনেতা রাজ বলেন, ‘তার ছবি করতে গিয়েই পরীকে পেয়েছি।’
একসময় র্যাম্প মডেল হিসেবে টুকটাক কাজ করতেন শরিফুল রাজ। পাশাপাশি বিভিন্ন পণ্যের স্থিরচিত্রের মডেল হিসেবে কাজ করতেন তিনি। ২০১৬ সালে রেদওয়ান রনির ‘আইসক্রিম’ ছবিতে অভিনয় করে বড় পর্দায় অভিষেক এই রাজের। মুক্তির পর প্রথম ছবিতেই খানিকটা আলোচনায় আসেন এই নবাগত।
মাঝে এক বছর অভিনয় করেননি। আবার র্যাম্প, স্থিরচিত্রের মডেলিংয়ে ফিরে যান তিনি। পরের বছর ২০১৭ সালে তানিম রহমানের ‘ন ডরাই’ ছবিতে অভিনয় করে নতুনভাবে সবার দৃষ্টি কাড়েন এই অভিনেতা। মেধাবী পরিচালকেরাও তাঁর মধ্যে খুঁজে পান নতুন সম্ভাবনা। আর পেছনে ফিরতে হয়নি।
পরপর পরিচালক রায়হান রাফির ‘পরান’, মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ সবশেষ গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিতে অভিনয়ের সুযোগ পান। ছবি তিনটি এখন মুক্তির অপেক্ষায়।
শরিফুল রাজ বলেন, ‘খবরটা জেনে কী পরিমাণ খুশি হয়েছি, বলে বোঝাতে পারব না। আই অ্যাম প্রাউড অব হার।’ জীবনসঙ্গী হিসেবে পরীমনি কেমন, জানতে চাইলে বলেন, ‘সে কখনই আমাকে ছেড়ে যাবে না, আমিও না। ভাবছি, দুজনের কবরটাও একসঙ্গে হবে।’
পরীমনি বলেন, ‘আমাদের বিয়ের চার মাস হতে চলেছে। সপ্তাহ তিনেক আগে জানতে পারি যে মা হতে যাচ্ছি। প্রথম মাস চলছে। মা হওয়ার খবর শোনার পর যেদিন হাসপাতাল থেকে বের হয়েছি, মনে হচ্ছিল, আমি যেন উড়ছিলাম। ভাবছিলাম, আল্লাহরে, দুনিয়াদারি কেমন যেন হয়ে গেল। মনে হয়েছে, বিশাল পাখা হয়ে গেছে আমার। আমি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল উইমেন। অনেক শক্তি আমার।’
পরীমনি জানান, চিকিৎসক তাঁকে একটু সাবধানে চলাফেরা করতে বলেছেন। আপাতত শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি বলেন, ‘আগামী দেড় বছর একদম ছুটি। বাচ্চাকে সুস্থভাবে পৃথিবীতে আনতে চাই। প্রপারলি একটা সুস্থ বাচ্চা জন্ম দিতে চাই।’
আইসক্রিম চলচ্চিত্র দিয়ে ঢালিউডে আসা শরিফুল রাজকে সর্বশেষ ‘নেটওয়ার্কের বাইরে’ ছবিতে দেখা যায়। অন্যদিকে ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক পরীমনির মুক্তি পাওয়া শেষ ছবি স্ফুলিঙ্গ।
