বিনোদন ডেস্ক- চিত্রনায়িকা পরীমণি মা হচ্ছেন। সোমবার নিজেই জানিয়েছেন এ খবর। মাত্র এক সপ্তাহের পরিচয়ে অভিনেতা শরিফুল রাজের প্রেমে পড়েন এই নায়িকা। পরে বিয়ের খবরের আগেই গতকাল আকস্মিক জানান মা হওয়ার খবর।
এদিকে প্রথমে শুধু মা হওয়ার খবর জানালেও পরে এ নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পরীমণি ও রাজ। তারা জানিয়েছেন, কীভাবে শুরু হয়েছিল দুজনের প্রেম। কীভাবে এক হলো দুজনের চার হাত।
প্রেমের গল্পের শুরু করেন নায়ক শরীফুল রাজ। বলেন, ‘বিয়ে করেছি। বাবা হচ্ছি। সব মিলিয়ে খুব ভালো লাগছে। বাবা হওয়ার খবর শোনার পর থেকে তো খুশিতে নাচতেছি। আমরা দুজন এখন বনানীতে। দুজন দুজনকে জড়িয়ে ধরে আছি। আমাদের পরিবারও মহাখুশি। খুশিতে ওরাও নাচেতেছে।’
পাশ থেকে রাজের কথা কেড়ে নিয়ে বলতে শুরু করেন তার বাস্তব জীবনের নায়িকা, নববধূ পরীমণি। তিনি বলেন, ‘১০০ মণ মিষ্টির অর্ডার দিয়েছি। আমরা হাঁটব আর বিলাব। যারে পাব তারে দেব। এটাই হেডিং করেন। রাস্তায় নামব। যারে পাব তারেই মিষ্টি খাওয়াব।’
এরপরই শরীফুল রাজকে প্রথম দেখার এবং সেই দেখাতেই মন দেওয়া-নেওয়ার কথা জানান ‘স্বপ্নজাল’ নায়িকা। বলেন, “রাজকে আমি প্রথম যেদিন দেখেছি, সেদিনই কাহিনিটা ঘটে গেছে। আসলে ‘গুনিন’ সিনেমার মিটিংয়ের জন্য সেলিম (গিয়াস উদ্দিন সেলিম) ভাই সেদিন আমাকে অফিসে ডাকেন। শুরুতে আমরা সিনেমার একটা গান শুনি। গানটা হলো-‘আমি ঘোমটা খুলে, বদন খুলে দেখেছিলাম চাইয়া গো, দেখেছিলাম চাইয়া।”
পরীমণির ভাষ্যে, ‘গানটা শোনানোর পর আমাদের লুক সেট হচ্ছে। আমি কস্টিউম পরলাম। পাশে দেখি এক মাল (রাজ) বইসা আছে। সাদা পাঞ্জাবি পরে, সুন্দর করে বসে আছে, কোনার মধ্যে। হাতে ব্যান্ডেজ লাগানো। মুখে মাস্ক। মুখটা দেখতে পারছি না। তখন সন্ধ্যা। সবাই স্ক্রিপ্ট নিয়ে বসলাম। সেলিম ভাই পড়ছে। একটা সিনের মধ্যে জিন ভুতের কথা ছিল। এরপর-‘রাখো তুমি, বুকে আসো’ এই টাইপের একটা ডায়লগ। এটা শরীফুল রাজের ডায়লগ। ও এটা বলতে লজ্জা পাচ্ছিল। বলেছে, কিন্তু সেলিম ভাইয়ের মনপুত হয়নি। আমি তখন বললাম, ‘না না শুটিংয়ে গিয়ে হয়ে যাবে।’
এরপরই আসল রহস্য উন্মোচন করেন নায়ক রাজের জীবনের রানি পরীমণি। বলেন, “তখন সেলিম ভাই আমার দিকে তাকিয়ে বলেন, ‘হয়ে যাবে না?’ আমি বলি, হ্যাঁ, হয়ে যাবে। এবার সেলিম ভাই হেসে দিয়েছে, আমিও হেসে দিয়েছি। রাজ তখন আমাদের দিকে তাকিয়ে ছিল। এরপর সেলিম ভাই বলল, ‘আচ্ছা, ছেলেটা সুন্দর না? তাকা, তাকা! আমি এরমধ্যে লজ্জায় পড়ে গেছি।
তিনি বলেন, ‘সুন্দর না? সুন্দর না? বর সুন্দর না? আমি বলি, হ্যাঁ, ‘সুন্দর তো (হাসি)! এই যে দেখাদেখি হলো সেদিন, তারপরই মনের মধ্যে ঢুকে গেছে জিনিসটা (রাজ)।”
এই নায়িকা বলেন, ‘ওই দেখার সাত দিনের মাথায় আমরা বিয়েশাদি করে ফেলেছি। এর আগে কখনো রাজের সঙ্গে আমার দেখাই হয়নি। সেলিম ভাই সব অঘটনটা ঘটাইল।’
পরীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে পাশ থেকে রাজ হেসে ওঠে বলেন, ‘আমাদের প্রেমের নায়ক হচ্ছেন গিয়াসউদ্দিন সেলিম। তিনিই আমাদের প্রেমটা করিয়ে দিয়েছেন।’
এদিকে পরী তার রাজ তাদের সন্তানের নামও ঠিক করে রেখেছেন। কন্যাসন্তান হলে তার নাম রাখবেন রানী আর পুত্রসন্তান হলে রাজ্য।
পরীমনি বলেন, দেড় বছর কোনো ছবির শুটিংয়ে অংশ নেবো না। বলতে পারেন, মাতৃত্বকালীন ছুটি নিচ্ছি। বাচ্চাকে সুস্থ সুন্দরভাবে পৃথিবীতে আনতে চাই। তবে আমি কাজ না করলেও রাজ কাজ করবে।
