মানিকগঞ্জ- কোভিড-১৯ এর নতুন ধরনের সংক্রমণ প্রতিরোধে আবারও অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে বাস-ট্রেন ও লঞ্চ।
শনিবার (৮ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার হত-দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশে করোনা সংক্রমণ ভয়াবহভাবে বাড়ছে। বাংলাদেশে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। স্কুল-কলেজ খোলা রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনো পরিকল্পনা আপাতত নেই। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে যাত্রীবাহী বাস-ট্রেন-লঞ্চে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত নির্দেশনা আসবে।
মন্ত্রী বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ের সকল হাসপাতালের ও নার্স-চিকিৎসকরা সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। সকল দোকান-পাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। রেস্টুরেন্টে টিকা সনদ ছাড়া প্রবেশ করা যাবে না।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যুবায়ের হোসেন, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনসহ সংশ্লিষ্ট অনেকেই।
