নাগরপুরে সেতুতে ঝুঁকি, সড়কে দুর্ভোগ, দুর্ভোগে হাজারো মানুষ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরের গয়হাটা ইউনিয়নের সরিষাজানি এলাকার প্রায় ৪ কিলোমিটার সড়ক বেহাল অবস্থায় পড়ে আছে। প্রতিদিন প্রায় হাজারো জনসাধারণ ঝুঁকি নিয়ে চলাচল করে এই সড়কে।

উঁচুনিচু, খানাখন্দে ভরা এই ঝুঁকিপূর্ণ সড়ক নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজমান এবং স্থানীয়রা বলছে বিগত এক যুগেও এই সড়কে উন্নয়নের ছোয়া পড়েনি। সরেজমিনে গিয়ে দেখা যায়, কলিয়া-সরিষাজানি-সিংজোড়া এলাকার এই সড়কে একটি ছোট বক্স কালভার্ট ও একটি বড় সেতু রয়েছে।বড় সেতুতে এপ্রোচ সড়ক না থাকায় সেতুতে উঠতে ব্যাপক বেগ পেতে হয় স্থানীয় চলাচলকারীদের। ব্যাপক ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে এই সড়কে।

স্থানীয় অটো ইজিবাইক চালক মো: রহমতুল্লাহ মিয়া বলেন, এই সড়কে আমরা গাড়ি নিয়ে ব্যাপক ঝুঁকিতে চলাচল করি। গাড়ি নিয়ে ব্রীজে উঠা অনেক কষ্টসাধ্য ব্যাপার। জরুরী যাতায়াত প্রায় অসম্ভব এই সড়কে। অনেক বছর যাবৎ এই সড়ক এভাবেই বেহাল অবস্থায় পড়ে আছে।

স্কুল পড়ুয়া ছাত্র হাফিজুর রহমান বলেন, বৃষ্টির দিনে এই সড়কের অবস্থা অনেক বেশি নাজেহাল থাকে। সারাবছর চলাচলে অনেক কষ্ট হয় আমাদের। স্থানীয় ব্যাবসায়ী মো: রাকিবুল হাসান জানায়, আমি সহ আমরা অনেকেই প্রতিদিন এই সড়ক দিয়ে নাগরপুর যাই। সব সময় আমাদের হেটে চলাচল করতে হয়। সাইকেল নিয়েও চলাচল ব্যাপক কষ্ট এই সড়কে। উন্নয়নের বিন্দুমাত্র ছোয়া আমাদের এই সরিষাজানি এলাকায় পড়ে নাই।

গয়হাটা ইউনিয়ন পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান শেখ শামছুল হক বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো এই সরিষাজানি সড়কের উন্নয়ন আমি করবো। আমাদের মাননীয় এমপি আহসানুল ইসলাম টিটু মহোদয় এই সড়কের বিষয়ে ব্যাপক আন্তরিক, তার সহযোগীতায় অচিরেই এই সড়কের উন্নয়নে আমরা কাজ করবো। বর্তমানে আমরা সকল কাগজপত্র প্রস্তুত করছি।

উল্লেখ্য, গুরুত্ব বিবেচনায় এই সড়ক কলিয়া এলাকার সাথে গয়হাটা সিংজোড়া এলাকার ভায়া সরিষাজানি এলাকা হয়ে সরাসরি সংযোগ স্থাপন করেছে। এই সরিষাজানি এলাকায় একটি ঐতিহাসিক আলিম মাদ্রাসা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *