নিউজিল্যান্ডকে উড়িয়ে ইতিহাস গড়লো টাইগাররা

স্পোর্টস আপডেট ডেস্ক- এমন সকাল কবারই-বা আসে দেশের ক্রিকেটে! যে সকালে লেখা হয় ইতিহাস। তাও যেনতেন নয়, ক্রিকেটের সবচেয়ে জৌলুশময় বনেদি ফরম্যাট টেস্টে। সেটাও আবার টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের ঘরের মাঠে। মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস গড়ল টাইগাররা। সাদা পোশাকে রঙিন মুমিনুল হকের দল।

সকালের রক্তিম সূর্য উকি দেওয়ার আগেই যে রঙ ছড়িয়ে পড়ল বাংলাদেশ ক্রিকেটে। এ জয়টি যে বড্ড বেশি প্রয়োজন ছিল দেশের ক্রিকেটের জন্য। এর মাধ্যমে অবসান ঘটল প্রায় ২২ বছরের অপেক্ষার। ক্রিকেটের সকল ফরম্যাট মিলিয়ে ৩২ ম্যাচ পর নিউজিল্যান্ডকে হারাল লাল-সবুজরা।

পঞ্চম দিনে মাত্র ২২ রান যোগ করতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। ১৬৯ রানে ব্ল্যাক ক্যাপদের গুটিয়ে ফেলে বাংলাদেশ। জয়ের জন্য টাইগারদের টার্গেট দাঁড়ায় ৪০ রান।
ক্যারিয়ার সেরা বোলিং করেন এবাদত হোসেন। ৪৬ রানে নেন ৬ উইকেট। তাসকিন আহমেদ ৩৬ রানে নেন ৩টি।

টার্গেটে নেমে শুরুতে অবশ্য হোঁচট খেতে হয় টাইগারদের। ওপেনার সাদমান ইসলাম সাজঘরে ফেরেন ৩ রান করে। ১৭ রান করে জেমিসনের বলে ধরা দিয়ে জয়ের ৬ রান দূরে থেকে ক্রিজ ছাড়েন ওপেনার নাজমুল হোসেন শান্ত।

অন্যপ্রান্তে টিকে থাকেন অধিনায়ক মুমিনুল হক। শান্তর পরে ক্রিজে নামেন মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে দুই ব্যাটার। জয়ে ক্রিজ ছাড়ার আগে মুমিনুলের ব্যাট থেকে আসে ১৩ রান ও মুশফিক করেন ৫ রান।

নিজেদের প্রথম ইনিংসে ডেভন কনওয়ের সেঞ্চুরি ও উইল ইয়াং ও হেনরি নিকোলসের ফিফটিতে ৩২৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে জয়, শান্ত, মুমিনুল ও লিটনের ফিফটিতে ৪৫৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *