রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের তাঁতশিল্প সমৃদ্ধ ব্যবসায়ী এলাকা শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নে ডাকাতি প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা যায়, রবিবার (২ জানুয়ারি) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মঈনুল ইসলামের নেতৃত্বে এস আই পিযুষ ও এ এস আই নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পোরজনা ইউনিয়নের বাঐকোলা ব্রীজের উপর থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেফতার করা হয় । এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের আরো ৭/৮ জন সদস্য পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার চরবাচরা গ্রামের মোঃ আলতাফ শেখ ( ৪৯), মোঃ হায়দার আলী (৫০), চরকাদাই গ্রামের মোঃ মানিক (১৯) ও চর-জামিরতা গ্রামের মোঃ রফিক মোল্লা (৪৭)।
খোঁজ নিয়ে জানা যায়, উক্ত ডাকাত দল সিরাজগঞ্জের শাহজাদপুর, বেলকুচি ও এনায়েতপুরের বিভিন্ন এলাকায় তাদের বিভিন্ন সোর্স এর মাধ্যমে খবর নিয়ে বিভিন্ন সময় বাড়িতে, রাস্তাঘাটে ডাকাতি করে আসছে।
আরো জানা যায়, এই সক্রিয় ডাকাত দল বিভিন্ন এলাকায় ডাকাতি করে ঢাকা, গাজীপুর, চন্দ্রা, সাভার গিয়ে আত্মগোপনে থাকে এবং তাদের সোর্সদের দেওয়া তথ্যমতে আবার এলাকায় প্রতি সপ্তাহে এক থেকে দুই দিন এসে ডাকাতি করে গভীর রাতে এসি বাসে করে ঢাকাতে চলে যায়। তারা রাস্তাঘাট এবং বাড়িতে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে থাকে।
এ ঘটনায় আটক ৪ ডাকাত সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত ডাকাতদের শাহজাদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
এই বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান বলেন, আমরা অনেকদিন ধরেই এদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়েছি। তবে সবাইকে ধরতে পারিনী বাকিদেরকে ধরার জন্য আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, এরা আন্তঃজেলা ডাকাত দল, এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
