শৈত্যপ্রবাহ নিয়ে ফের দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

নজর২৪ ডেস্ক- পৌষের মাঝামাঝি পেরোতেই ঢাকাসহ সারাদেশে শীত অনুভূত হচ্ছে। তবে বর্তমানে শৈত্যপ্রবাহ নেই দেশের কোথাও। তাই তাপমাত্রা আরও কিছুটা কমে গিয়ে আগামী দু-একদিনের মধ্যে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। আজ নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস ধারণ করা হয়।

 

এ আবহাওয়াবিদ জানান, সর্বনিম্ন তাপমাত্রার এ তারতম্য থাকলেও সোমবার সারা দেশে সার্বিক তাপমাত্রা কমেছে। এটি আরও কমে দুই-তিনের মধ্যে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ।

 

আকাশের অবস্থা নিয়ে নাজমুল হক বলেন, আপাতত কয়েক দিন বৃষ্টিপাতের লক্ষণ দেখা যাচ্ছে না।

 

আজ সকাল ৯টা থেকে শুরু হয়ে আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পশ্চিমাঞ্চল এবং নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

 

আবহাওয়া অধিদপ্তর জানায়, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

 

আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চ গিরিখাত পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। মৌসুমি নিম্নচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *