Home জলবায়ু ও পরিবেশ শৈত্যপ্রবাহ ছাড়াই ঠান্ডার দাপট, আরও কমবে তাপমাত্রা

শৈত্যপ্রবাহ ছাড়াই ঠান্ডার দাপট, আরও কমবে তাপমাত্রা

0
180
ফাইল ফটো

নজর২৪ ডেস্ক- বর্তমানে শ্রীমঙ্গল ছাড়া দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। কিন্তু রাজধানীসহ সারাদেশে বেশ শীত অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, আগামী দুই দিন এমন আবহাওয়া বিরাজ করবে। এর পর আবার কিছুটা কমবে তাপমাত্রা।

 

তাপমাত্রা সাধারণত ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে আবহাওয়াবিদরা তাকে শৈত্যপ্রবাহ হিসেবে উল্লেখ করেন। বর্তমানে শুধু শ্রীমঙ্গলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে আছে।

 

ওই এলাকায় গতকাল রোববার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ঢাকায় গতকাল তাপমাত্রা কিছুটা কমে হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি। এ ছাড়া দেশের প্রায় সব এলাকায় তাপমাত্রা কিছুটা কমেছে।

 

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, ‘দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকে এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার পার্থক্য কমে যায় বলে এমনটি হচ্ছে।’

 

তাপমাত্রা কমতে পারে জানিয়ে আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুছ বলেন, বাংলাদেশের ওপর একটি ঘূর্ণিবায়ু (লঘুচাপ) আছে। ৪-৫ জানুয়ারি ওই ঘূর্ণিবায়ু থাকবে না, ঠান্ডা বাতাস ঢুকবে। তখন শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

 

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। উপমহাদেশের উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ এখন ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় আছে; আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ আছে বঙ্গোপসাগরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here