বছরের শুরুতেই ভক্তদের জন্য উপহার নিয়ে এলেন পরীমণি

বিনোদন ডেস্ক- মুক্তির অপেক্ষায় থাকা ‘মুখোশ’ চলচ্চিত্রের টাইটেল গানের মুক্তির আয়োজনে যোগ দিয়ে আলোচিত চিত্রনায়িকা পরীমনি জানালেন, নতুন বছরের উপহার হিসেবে গানটি দর্শক, ভক্তদের জন্য প্রকাশ করা হয়েছে।

 

নতুন বছরের দ্বিতীয় দিন রোববার সকালে মাদক মামলায় আদালতে হাজিরা দিয়ে রাতে বনানীর এক রেস্টুরেন্টে গানটি নিয়ে সাংবাদিকদের সামনে আসেন পরীমনি।

 

এ সিনেমায় অপরাধ বিষয়ক প্রতিবেদকের চরিত্রে অভিনয় করেছেন পরীমনি।

 

তিনি বলেন, “হ্যাপি নিউ ইয়ার। সবাইকে তো আর বাসায় বাসায় গিয়ে গিফট করা সম্ভব না। কিন্তু প্রত্যাশা তো থাকেই প্রিয় মানুষদের কাছ থেকে উপহার পাবার বা দেওয়ার। আমার ভক্ত, দর্শক ও আপনারা যারা আছেন তাদের জন্য এ গানটা বা কাজটা আমার তরফ থেকে উপহার। আমি আশা করবো, এটি সবার পছন্দ হবে।”

 

আব্রাহাম তামিমের কথা ও আহম্মেদ হুমায়ূনের সুর ও সংগীতে ‘মুখোশ’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন মাঈনুল আহসান নোবেল।

 

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক ইফতেখার শুভ।

 

তিনি বলেন, ‘করোনাসহ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এই সিনেমাটির কাজ শেষ করেছি আমরা। এটি আমার প্রথম সিনেমা, তাই চিন্তা-উত্তেজনা দুটিই বেশি। আগামী ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এই উপলক্ষেই আজকে সিনেমাটির টাইটেল সং প্রকাশ করা। আমার বিশ্বাস সিনেমাটির প্রত্যেকটি গান শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’

 

মুখোশ এর টাইটেল সং গেয়েছেন কণ্ঠশিল্পী নোবেল। আব্রাহাম তামিমের কথায় এটির সংগীত আয়োজন করেছেন আহমেদ হুমায়ুন।

 

অনুষ্ঠানে মুখোশ-এ পরীমনির অভিনয়ের প্রশংসা করে পরিচালক বলেন, ‘যখন শুটিং করছিলাম তখন এতটা বুঝিনি, কিন্তু যখন এডিটিং করছিলাম তখন বুঝলাম, পরীমনি কতএটা ন্যাচারাল অভিনয় করেছেন।’

 

একই সঙ্গে চিত্রনায়ক রোশানের অভিনয়ের প্রশংসা করে তিনি বলেন, ‘আগামীর সুপারস্টার হয়ে উঠার সব গুণ রয়েছে তার মধ্যে।’

 

এদিকে মুক্তি সামনে রেখে আগামী ১০ জানুয়ারি সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হবে বলেও জানান পরিচালক।

 

পরীমনি-রোশান বাদেও সিনেমাটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, মোশাররফ করিম, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, প্রাণ রায়, রাশেদ মামুন অপু, ফারুক আহমেদ, তারিক স্বপন, ইলিনা শাম্মি, অলংকার চৌধুরীসহ অনেকে।

 

ইফতেখার শুভর লেখা ‘পেজ নাম্বার 44’ উপন্যাস অবলম্বনে মুখোশ সিনেমাটি ২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানে নির্মিত। আর এর পরিবেশনার দায়িত্বে রয়েছে কপ ক্রিয়েশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *