আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবো: হিরো আলম

বিনোদন ডেস্ক- আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। যাকে নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন। আবারও জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু এবং নন্দীগ্রাম উপজেলা) থেকে অংশ নেবেন তিনি।

শনিবার (১ জানুয়ারি) রাতে বিষয়টি হিরো আলম নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেন। এর আগে ১ জানুয়ারি নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নির্বাচন করার ঘোষণা দেন।

জানতে চাইলে হিরো আলম বলেন, আমার নির্বাচনী এলাকা বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) থেকে দ্বিতীয় বারের মতো নির্বাচনে অংশ নিচ্ছি। আমার এলাকার জনগণ আমাকে নির্বাচনে অংশ নিতে উৎসাহ প্রদান করছেন। আমি তাদের কথা ও তাদের পাশে থাকার লক্ষ্য নিয়ে এ নির্বাচন করবো। গতবার জাতীয় পার্টি থেকে নির্বাচনে অংশ নিয়েছিলাম। পরে নির্বাচন থেকে সরে আসি।

হিরো আলম আরও বলেন, এবারের নির্বাচনে আমি দেশের ক্ষমতাশীল দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবো। দলটি যদি আমাকে যোগ্য মনে করে, আমি অব্যশই দলের হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবো। বিগত সময়েও আমি মানুষের পাশে দাঁড়িয়েছি।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ মার্কায় নির্বাচন করেছিলেন তিনি। তখন নির্বাচনের আগে বলেছিলেন, সুষ্ঠুভাবে ভোট হলে তার জয় নিশ্চিত। কিন্তু নির্বাচনে তার সিংহ মার্কা ভোট পেয়েছিল মাত্র ৬৩৯টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *