বিনোদন ডেস্ক- মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামীকাল রোববার (২ জানুয়ারি) দিন ধার্য রয়েছে। ঢাকার ১০নং বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলামের আদালতে এ অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হবে।
এদিন অভিযোগ গঠন শুনানিতে হাজিরা দিতে সকাল সাড়ে ৯টার দিকে পরীমণি আদালতে উপস্থিত হবেন বলে জানিয়েছেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।
তিনি বলেন, পরীমণির মামলায় রোববার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য রয়েছে। এদিন পরীমণি হাজিরা দিতে সকাল সাড়ে ৯টার দিকে আদালতে উপস্থিত হবেন।
এর আগে গেলো ১৪ ডিসেম্বর ঢাকার ১০নং বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলামের আদালতে পরীমণিসহ মামলার অন্য দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। ওইদিন পরীমণি অসুস্থ হওয়ায় আদালতে উপস্থিত হননি। এজন্য তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সময় চেয়ে আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে ২ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেন।
তারও আগে গেলো ১৫ নভেম্বর পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। একইসঙ্গে মামলাটি বিশেষ জজ আদালত ১০-এ বদলি করা হয়। পরবর্তী চার্জ গঠনের জন্য ওইদিন ১৪ ডিসেম্বর ধার্য করেন আদালত।
গত ৪ অক্টোবর পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল অভিযোগপত্র দাখিল করেন।
এর আগে ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ পরীমণির জামিন মঞ্জুর করেন। এর পরের দিন তিনি জামিনে মুক্তি পান।
গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব। তখন পরীমণির বাসায় বিভিন্ন ধরনের মাদক পাওয়া গেছে বলে জানায় র্যাব। পরদিন ৫ আগস্ট র্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার ২ সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।
এরপর তিন দফায় মোট সাত দিনের রিমা’ন্ডে নেওয়া হয় পরীমণিকে। প্রথম দফায় ৫ আগস্ট চার দিন, দ্বিতীয় দফায় ১০ আগস্ট দুই দিন এবং ৩য় দফায় ১৯ আগস্ট এক দিনের রিমা’ন্ড মঞ্জুর হয় তার। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
