এবার দ্বিতীয় দফা শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

নজর২৪ ডেস্ক- নতুন বছরের চতুর্থ দিন মঙ্গলবার দেশে শৈত্যপ্রবাহ বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাষ্ট্রীয় সংস্থাটির এক আবহাওয়াবিদ শনিবার (১ জানুয়ারি) বিকালে বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

 

আফরোজা সুলতানা বলেন, ‘দেশের তাপমাত্রা রোববার আরও কমতে পারে। মঙ্গলবার থেকে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ।’

 

তিনি বলেন, ‘শনিবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।

 

‘তবে এমন তাপমাত্রা অধিদপ্তরের কয়েকটি স্টেশনে থাকলে শৈত্যপ্রবাহ ধরা হয়। একটি স্টেশনে ৯ থাকলেও তাকে শৈত্যপ্রবাহ বলা হয় না।’

 

২৪ ঘণ্টার পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তরের শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ‘উপমহাদেশীয় উচ্চ তাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।’

 

পূর্বাভাসে উল্লেখ করা হয়, আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

 

সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

এর আগে গত ১৯ ডিসেম্বর ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ হয়। কিন্তু দুদিনের ব্যবধানে তা দূরও হয়ে যায়।

 

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *