নজর২৪, পঞ্চগড়- উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে কনকনে শীত৷ পৌষের মাঝামাঝিতে মাঘের শীতের দাপটে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ ও খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ।
শনিবার (১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন।
সরেজমিনে দেখা যায়, দুদিন আগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর হিমালয়ের হিম বাতাস বয়ে যাওয়ায় আজ হঠাৎ কুয়াশার মাত্রা ও শীতের দাপট বৃদ্ধি পেয়েছে। গতকাল (শুক্রবার) সন্ধ্যা থেকে এ জেলার উপর দিয়ে হিমেল হাওয়া ও কুয়াশা আচ্ছাদিত হয় এবং তা ভোর থেকে আরও তীব্র হয়। বেলা বাড়ার সঙ্গে সূর্যের আলো খানিকটা উঁকি দিলেও উত্তাপ নেই।
ফলে কনকনে শীতে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। শীতের কারণে তারা সময় মতো কাজে যোগ দিতে পারছে না। তার মধ্যে অনেকে গরম কাপড়ের অভাবে শীতে কাঁপছে। এ কষ্টে পড়েছে জেলার শ্রমিক, কৃষক, দিনমজুর, ভ্যান ও রিকশা চালকসহ নিম্নআয়ের মানুষ। তাদের দাবি শীত এলেই কষ্ট বাড়ে। জোটে না তেমন কোনো শীতবস্ত্র।
এদিকে জেলা প্রশাসক বলছে, চলতি শীত মৌসুমে জেলার ৫ উপজেলায় ও ৩টি পৌরসভায় মোট ২৩ হাজার ৬শ শীতবস্ত্র উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে গরীব, অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। পাশাপাশি দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে শীতবস্ত্রের চেয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।
জানতে চাইলে তেঁতুলিয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, আজ অন্যদিনের তুলানায় কুয়াশা ও শীতের তীব্রতা বেশি দেখা গেছে। সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
