নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, ইউপি সদস্য (মেম্বার) ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বিকেল তিনটায় টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে চেয়ারম্যানদের ও নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সাধারণ সদস্য (মেম্বার), সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ পড়ানো হয়।
নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ করান টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি ও সদস্যদের (মেম্বার) শপথ পাঠ করান নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান। নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ১১ ইউনিয়নের ৯৯ জন সদস্য (মেম্বার) ও ৩৩ জন সংরক্ষিত মহিলা সদস্য শপথ নেন।
উল্লেখ্য, নাগরপুর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৬টি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। ২টি ইউনিয়নে বিদ্রোহী স্বতন্ত্র এবং ৩ টি ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান হয়েছেন।
বিজয়ীরা হলেন, নাগরপুর সদর ইউনিয়নে (নৌকা) প্রতীকে চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী। সলিমাবাদ ইউনিয়নে (নৌকা) প্রতীকে চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো: শাহীদুল ইসলাম অপু।
মামুদনগর ইউনিয়নে (নৌকা) প্রতীকে চেয়ারম্যান মো: জজ কামাল। গয়হাটা ইউনিয়নে (নৌকা) প্রতীকে চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শেখ শামছুল হক। বেকড়া আটগ্রাম ইউনিয়নে (নৌকা) প্রতীকে চেয়ারম্যান মো: শওকত হোসেন। মোকনা ইউনিয়নে (নৌকা) প্রতীকে চেয়ারম্যান মো: শরিফুল ইসলাম।
ধুবড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান মো: শফিকুর রহমান খান। সহবতপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান তোফায়েল আহমেদ মোল্লা। দপ্তিয়র ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী। পাকুটিয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান মো: ছিদ্দিকুর রহমান। ভাদ্রা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান শওকত আলী।
