Home আলোচিত ‘যদি ১০টা মার্ডার করা লাগে করবেন, বাকিটা আমি দেখবো’

‘যদি ১০টা মার্ডার করা লাগে করবেন, বাকিটা আমি দেখবো’

0
239

নজর২৪ ডেস্ক- ‘আমি এই জনসভায় বলে যাচ্ছি, যখন নমিনেশন নিয়া আসছি তখন এটা আমার নির্দেশ। মাইর খাওয়া যাবে না। যদি ১০টা মার্ডারও করা লাগে করবেন। আমি বাকিটা দেখবো-ইনশাআল্লাহ।‘

 

নির্বাচনী পথসভায় এসব কথা বলেন কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আউয়াল খাঁনের ছেলে মিজানুর রহমান। তার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

 

এক মিনিট দুই সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, মিজানুর রহমান আরো বলছেন, ‘আমি এই জনসভায় বলে যাচ্ছি, আমার একটা লোকের যদি এক ফোটা রক্ত ঝরে, আপনারা ১০ ফোটা রক্ত নিয়ে আসবেন, বাকিটা আমি দেখব। চুল পরিমাণও ছাড় দেব না। মিজান কী জিনিস এখনো জোয়াগ ইউনিয়নের অনেক লোক জানে না। যখন নমিনেশন নিয়া আসছি তখন থেকে জানা উচিত, মিজান কী জিনিস?’

 

স্থানীয় সূত্রে জানা যায়, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আউয়াল খাঁন ইউনিয়ন আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি এবং থানা আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক। ভাইরাল হওয়া ভিডিওটি তার ছেলে মিজানুর রহমানের।

 

ভিডিওটি ১৫ থেকে ২০ দিন আগের। উঠান বৈঠকের একটি সভায় এসব কথা বলেছিলেন মিজানুর রহমান।

 

ভিডিওর বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ‘এসব ভিডিও এডিট করা। আমি থানায় মামলা করব এই অপপ্রচারের জন্য।’

 

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি।’

 

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘আমি ভিডিওর বিষয়ে জেনেছি। ইতোমধ্যে আমরা তদন্ত শুরু করেছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here