সিরাজগঞ্জে বিএনপি-আ.লীগ সংঘর্ষের সময় পিস্তল ও রামদা হাতে কয়েকজন যুবক

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জ শহরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী যুবলীগ নেতাকর্মীদের সংঘর্ষ চলাকালে তিন জনের হাতে পিস্তল ও কয়েকজনের হাতে রামদা দেখা গেছে।

 

বৃহস্পতিবার শহরের কাটাখালি সেতু এলাকায় সংঘর্ষের সময় করা একটি ভিডিওতে দেখা এই যুবকদের পরিচয় জানা যায়নি।

 

এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, “সংঘর্ষ চলাকালে যদি কেউ অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে থাকে, ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশ ঘিরে বৃহস্পতিবার বেলা ১টার দিকে কাটাখালি সেতুর কাছে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে যুবলীগ নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। কাটাখালি সেতু এলাকায় শুরু হওয়া সংঘর্ষ বিকাল ৪টা নাগাদ শহরের দত্তবাড়ি ও বড় পুল এলাকায় ছড়িয়ে পড়ে।

 

সংঘর্ষের ব্যাপারে বিএনপি ও যুবলীগ নেতারা পরস্পরকে দায়ী করেছেন।

 

জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল বলেন, বিএনপির নেতাকর্মীরা শহরের ইসলামিয়া কলেজ মাঠে সমাবেশে যাওয়ার পথে আওয়ামী লীগের বিরুদ্ধে উস্কানিমূলক শ্লোগান দেয় এবং ব্যানার ছিঁড়ে ফেলে। এ সময় সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন কাটাখালি সেতুর কাছে ছাত্রলীগ নেতাকর্মীরা এর প্রতিবাদ করলে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

 

এ সময় বিএনপির লোকজন লাঠিসোটা, ইটপাটকেল, ককটেল নিয়ে হামলা চালালে যুবলীগের ২০-২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জুয়েলের ভাষ্য।

 

পাল্টা অভিযোগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানস বাচ্চু বলেন, তাদের লোকজন সমাবেশে আসার পথে যুবলীগ-ছাত্রলীগের লোকজন হামলা চালায়। তারা লাঠিসোটা, ইটপাটকেল, ককটেল নিয়ে হামলা চালিয়েছে। এতে তাদের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী আহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *