ভূঞাপুরে নির্বাচনী দায়িত্ব পালনকালে শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতনিধি: চতুর্থ ধাপের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত টাঙ্গাইলের ভূঞাপুরে ইউপি নির্বাচনী দায়িত্ব পালনরত অবস্থায় শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ভূঞাপুর উপজেলা শাখা।

 

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ভূঞাপুর উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভূঞাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম সরকার, সাবেক সভাপতি আব্দুল মান্নান তালুকদার, শিক্ষক নেতা শাহ আলম খান প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের চর চন্দনী দাখিল মাদরাসা কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনকালে কিছু সন্ত্রাসী শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলা চালায়। এতে ডিগ্রির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বারী সরকার গুরুতর আহত হয়।

 

বর্তমানে তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা হামলাকারীদের অভিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তারা জানান, ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন এবং আব্দুল বারী সরকারের সুস্থতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *