বিনোদন ডেস্ক- ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও পরিচালক মীর সাব্বির। তিনি প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করেছেন। সরকারি অনুদান পাওয়া তার সিনেমাটির নাম ‘রাত জাগা ফুল’। আগামীকাল ৩১ ডিসেম্বর সারা দেশে একযোগে মুক্তি পাবে এটি।
মুক্তির আগেই দারুণ সাড়া ফেলেছে ‘রাত জাগা ফুল’। সেন্সরে প্রশংসা পেয়ে অনুমতি পাওয়া ভিন্ন ভাবনার গল্পে নির্মিত সিনেমাটি এরইমধ্যে টিজার, ট্রেলার ও গান দিয়ে দর্শকের নজর কেড়েছে। এর পোস্টারগুলোও রয়েছে আলোচনায়।
জানা গেছে, স্টার সিনেপ্লেক্সসহ দেশের মোট ২৫টি হলে সিনেমাটি মুক্তির বিষয়ে চূড়ান্ত হয়েছে।
জানতে চাইলে মীর সাব্বির বলেন, ‘সিনেপ্লেক্সের সবগুলো শাখাতে মুক্তি পাচ্ছে রাতা জাগা ফুল। এ ছাড়াও যমুনা ব্লকবাস্টার, শ্যামলী, মধুমিতা, বর্ষা, নারায়ণঞ্জের সিনেস্কোপ, চট্টগ্রামের সুগন্ধা, যশোরের মনিহারসহ সোট ২৬ হলে মুক্তি পাচ্ছে ছবিটি। আশাকরি সবাই হলে এসে ছবিটি দেখবেন।’
তিনি বলেন, ‘এই ছবির গল্প মাথার উপর দিয়ে যাবে না। রোমান্টিক একটা গল্প। দেশের গল্প, প্রকৃতির গল্প। ছবিটা দেখার পর মনে হবে সুন্দর একটা গল্প দেখলাম। সিনেমাতে যা যা থাকার দরকার তার সবই এতে আছে। আমি দর্শকদের তৃপ্তি দিতেই রাত জাগা ফুল বানিয়েছি।’
২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পায় ’রাত জাগা ফুল’। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য মীর সাব্বির নিজেই লিখেছেন। এতে অভিনয় করেছেন, ফজলুর রহমান বাবু, আবু হুরায়রা তানভীর ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী।
