শাকিবের মামলার হুমকি, মুখ খুললেন নির্মাতা এফ আই মানিক

বিনোদন ডেস্ক- ঢালিউডের সুপারস্টার শাকিব খান। তার নায়ক হয়ে ওঠার গল্প নিয়ে সিনেমা তৈরির ঘোষণা দিয়েছেন গুণী নির্মাতা এফ আই মানিক। তবে তার এ ঘোষণায় চটেছেন দেশের শীর্ষ নায়ক।

 

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সিনে খবর নামক একটি ই-মেইল থেকে তার ঘনিষ্ঠজন পরিচালিত মেইল থেকে জানানো হয়েছে, প্রয়োজনে মামলা করবেন শাকিব।

 

শাকিবের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এফ আই মানিকের বক্তব্য জানতে যোগাযোগ করা হয় তাঁর সঙ্গে। পরিচালক এফ আই মানিক সংবাদমাধ্যমকে বলেন, শাকিবের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তাঁকে আমি আদর করে বাবু ডাকি। তাঁর ক্যারিয়ারের বেশির ভাগ হিট ছবির নির্মাতা আমি। খুব কাছ থেকে তাঁকে দেখেছি। তাই আমার মনে হয়েছে তাঁকে নিয়ে আমার চেয়ে ভালো বায়োপিক আর কেউ বানাতে পারবে না।

 

তিনি বলেন, জানি না সে মামলা-মোকদ্দমার কথা কেন বলছে, কেউ হয়তো ভুল বুঝিয়েছে। আর বায়োপিক তাঁকে নিয়েই হয় যে সবার প্রিয়, আদর্শ। দেশের বর্তমান অভিনেতাদের কাছে শাকিব আদর্শ। তাঁর জীবন সংগ্রাম, ক্যারিয়ারে প্রতিষ্ঠা পাওয়া, এক দশকের বেশি সময় ধরে শীর্ষস্থান ধরে রাখা—এসব বিষয় পর্দায় তুলে ধরলে অনেকেই অনুপ্রাণিত হবেন ভেবে ছবিটি বানাতে চেয়েছি। এখন সে অনুমতি না দিলে আর কী করার আছে!

 

এদিকে শাকিব খানের চরিত্রে শান্ত খান অভিনয় করবেন এমন খবরে চটেছেন শান্তও। তিনি বলেন, ‘আমার সঙ্গে কেউ আলোচনাই করেনি। কাল থেকে ফোন পাচ্ছি একের পর এক, আমি নাকি পর্দায় শাকিব হচ্ছি! এগুলো মিথ্যা। এই মুহূর্তে অনেক ছবির শুটিং নিয়ে ব্যস্ত। অন্য ছবির ব্যাপারে চিন্তা করার সময় নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *