আ.লীগ ছেড়ে ভিপি নুরের দলে যোগ দিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান

নজর২৪ ডেস্ক- ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের নতুন রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ মাগুরা জেলা শাখায় যোগদান করেছেন মহম্মদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. বরকত আলী।

 

গত সোমবার (২৭ ডিসেম্বর) রাতে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সদস্য সচিব নুরুল হক নুরের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি।

 

এ সময় তার সঙ্গে গণঅধিকার পরিষদে যোগদান করেন- জেলা যুবদল নেতা অ্যাডভোকেট শিবলু, বিশিষ্ট ব্যবসায়ী শাহেদ জোয়ার্দার, মুহাম্মাদ রাসেল। পরে মুখে মিষ্টি দিয়ে নতুনদের স্বাগত জানান দলটির সদস্য সচিব সাবেক ভিপি নূরুল হক নুর।

 

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) নুরের দলে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বরকত আলী নিজেই।

 

এ বিষয়ে জানতে চাইলে আক্ষেপ করে বরকত আলী বলেন, আমি একজন অবহেলিত ভাইস চেয়ারম্যান। দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করি। উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। কিন্তু কেউ আমাকে দাম দেয় না। কেউ আমাকে মূল্যায়ন করে না। কোনো অনুষ্ঠানে আমাকে ডাকে নাই। সব কিছুতে আমাকে বঞ্চিত করে রেখেছে। আমার থেকে একজন ওয়ার্ড মেম্বারও ভালো অবস্থানে আছে। মনের কষ্টে আমি দল পরিবর্তন করেছি।

 

তিনি বলেন, ভিপি নুরের দল ছোট হলেও জনসমর্থনে বড়, তাদের চিন্তা পজিটিভ। তাই দেশের মানুষের জন্য কথা বলতে যুব পরিষদের পাশে এসে দাঁড়িয়েছি। আমি গণঅধিকার পরিষদের সঙ্গেই আছি।

 

এ বিষয়ে জানতে চাইলে মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান জানান, প্রায় ২০ বছর আগে ভাইস চেয়ারম্যান বরকত আওয়ামী লীগে যোগদান করেছিল। তবে সে কোনো রাজনৈতিক পদে নেই।

 

তবে ভিপি নুরের দলে যোগদানের বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন তিনি।

 

উল্লেখ্য, ২০১৯ সালের ২৪ মার্চ তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে মো. বরকত আলী (চশমা) ৩০ হাজার ৯৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *