রইসের জন্য আট মাস চুল-দাড়ি কাটিনি: মীর সাব্বির

বিনোদন ডেস্ক- জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির এবার চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশের অপেক্ষায়। সরকারি অনুদানে তিনি নির্মাণ করেছেন ‘রাত জাগা ফুল’। এটি মুক্তি পাবে আগামী ৩১ ডিসেম্বর। তার আগে আগে প্রচারে নেমেছে সিনেমাটির টিম।

 

এরই মধ্যে প্রকাশ করা হয়েছে টিজার। টিজার প্রকাশের পর আলোচনায় আসেন মীর সাব্বির। তার লুকের প্রশংসা করেছেন অনেকে। দর্শক প্রতিক্রিয়া মন ছুঁয়ে যাচ্ছে মীর সাব্বিরের। তিনি বলছেন, আমার বিশ্বাস ৩১ ডিসেম্বর থেকে মানুষ নতুনভাবে হলমুখী হওয়া শুরু করবে।

 

পরিচালিত প্রথম সিনেমা নিয়ে মীর সাব্বির বলেন, ভালো লাগছে। যে ছবি নিয়ে দিনের পর দিন কাজ করেছি, সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভালো কিছু তুলে ধরার চেষ্টায় ছিলাম, এখন সেটি দর্শক দেখবেন। এসব ভেবে অন্য রকম এক অনুভূতি হচ্ছে, যা ভাষায় প্রকাশ করতে পারব না। সিনেমাটি নির্মাণের সময় করোনার ধাক্কা সইতে হয়েছে। এরপরও যে এটি নির্মাণ করতে পেরেছি, তা আনন্দের। দর্শক সিনেমাটি দেখে সিদ্ধান্ত নেবেন, অন্যকে বলবেন কি বলবেন না। এ দায়িত্ব তাদের।

 

তিনি বলেন, দর্শক অদ্ভুত সব ভালো লাগার মন্তব্য করছেন। এখন পর্যন্ত একটিও নেগেটিভ মন্তব্য পাইনি। বরং সবাই আশাবাদের কথা বলছেন। অসম্ভব ভালো ভালো কথা বলছেন। যা আমাকে চমৎকারভাবে উৎসাহ যোগাচ্ছে।

 

তিনি আরও বলেন, এদেশের মানুষ সবসময় সুন্দরের সঙ্গে ছিল। সুন্দর কাজের জন্য আমরা যে যুদ্ধ করেছি, সেটা যদি সফল হয় সেই বিজয় হবে সবার বিজয়। দর্শকদের ভালো লাগাই হচ্ছে আসল বিজয়। গান, ট্রেলার দেখে সবাই যেমন ভালো কিছু প্রত্যাশা করছে, তাতে বিজয়ের ইঙ্গিত পাচ্ছি। তাদের প্রত্যাশা পূরণে সক্ষম হতে পারবো। শুধু চাই, মানুষ সিনেমাটা হলে এসে দেখুক।

 

সিনেমায় ‘রইস’ চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। রইস হয়ে ওঠার জার্নি কেমন ছিল? জানতে চাইলে তিনি বলেন, ‘রইস’ চরিত্রটি যখন আমি লিখেছি, তাকে এক রকম আবিস্কার করেছি। রইস অবহেলা-অনাদরে বড় হওয়া এক মানুষ। সে ছোট একটি ঘর বানিয়ে বসবাস করে। চরিত্রটি ধারণ করার জন্য অনেক আগে থেকেই চেষ্টা করেছি। আমাদের প্রকৃতির সঙ্গে যোগাযোগ নেই বললেই চলে। রইস হচ্ছে সেই প্রকৃতিরই একটি অংশ। চরিত্রটি হয়ে ওঠার জন্য শুটিংয়ের প্রায় আট মাস আগে থেকে চুল কাটা বন্ধ করে দিই। এক সময় দাড়ি কাটাও বন্ধ করেছি। আমার বয়সের চেয়ে রইস উদ্দিনের বয়স একটু বেশি। যে জন্য শরীরকে ভারি করতে হয়েছে। সবকিছু মিলিয়ে চরিত্রটির জন্য অনেক কষ্ট করেছি।

 

সিনেমার নাম ‘রাত জাগা ফুল’ হওয়ার কারণ জানতে চাইলে মীর সাব্বির বলেন, গল্পে রহস্য আছে। সিনেমা উপজীব্য ‘মানুষ, প্রেম ও প্রকৃতি’। রাত জাগা পাখির কথা শুনেছি। কিন্তু রাত জাগা ফুল কেন- এমন প্রশ্ন মাথায় আসা স্বাভাবিক। দর্শক হলে গিয়ে এর ব্যাখ্যা পাবেন। সব অন্ধকারের মধ্যে একটা অদ্ভুত আলো থাকে। মানুষের ভেতরেও আলো-আঁধার আছে। রূপক অর্থে ছবির নাম ‘রাত জাগা ফুল’ রেখেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *