আমি চ্যালেঞ্জটা নিতে চাই: বাঁধন

বিনোদন ডেস্ক- অভিনেত্রী আজমেরি হক বাঁধন জীবনের নানা চড়াই-উৎরাই পেরিয়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে নিজের ভালো একটা অবস্থান তৈরি করেছেন। একসময় পারিবারিক সহিংসতার শিকার হয়েছিলেন তিনি। হতাশা থেকে চরম সিদ্ধান্ত নিয়ে আ ত্মহ ত্যারও চেষ্টা করেছিলেন!

 

আলোচিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে বাঁধন প্রশংসিত হয়েছেন বিশ্ব দরবারে। ভালোবাসা পেয়েছেন দেশের মানুষদেরও। যা নন্দিত এই অভিনেত্রীকে পূর্বের অবস্থান থেকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে।

 

আগের বাঁধন এবং এখনকার বাঁধনের মধ্যে রয়েছে অনেক পার্থক্য। পুরনো হতাশাকে শক্তিতে রূপান্তরিত করে এই অভিনেত্রী নিজেকে তৈরি করেছেন নতুনভাবে। এর পেছন তার সংগ্রামী জীবনে ‘রেহানা মরিয়ম নূর’র সাফল্য অন্যতম কারণ বলে জানিয়েছেন তিনি।

 

বর্তমানে তার হাতে দুটি সিনেমার কাজ রয়েছে। একটি বলিউডের বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুফিয়া’ আর অন্যটি সাদিক আহমেদ পরিচালিত ‘অ্যা ব্লেসড ম্যান’। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অভিনয়ের পর অনেক কাজেরই প্রস্তাব পেয়েছেন। সেগুলো বিভিন্ন কারণে ফিরিয়েছেন।

 

‘অ্যা ব্লেসড ম্যান’র প্রস্তাব কেন ফেরাতে পারেননি? বাঁধন বলেন, এখানে আমার চরিত্রটা ভীষণভাবে প্রভাবিত করেছে। যদিও এই চরিত্র আমার জন্য চ্যালেঞ্জিং। তবে আমি চ্যালেঞ্জটা নিতে চাই। এখন সেই সময়টার মধ্যে আছি যখন জীবনের নতুন চ্যালেঞ্জ নেওয়া দরকার৷ এছাড়া, প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাপেল বক্সও একটা ব্যাপার ছিল। প্রতিষ্ঠানটি পেশাদার। সব নিয়ম-নীতি মেনে কাজটা করে। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ।

 

বলিউডের বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুফিয়া’র খবর কী? উত্তরে বাঁধন বলেন, জানুয়ারির ২৫ থেকে ফেব্রুয়ারির ৩ তারিখ অবধি আমার ডেট নিয়েছে। মুম্বইতে শুটিং হবে। যতটুকু কাজ বাকি আছে ঐ সময়ের মধ্যে হয়ে যাবে।

 

হলে মুক্তির পর তো আগামী ৩০ ডিসেম্বর দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি মুক্তি পাচ্ছে! এ অভিনেত্রী বলেন, আমার কাছে খুবই ভালো লাগছে আমাদের দেশের সিনেমা আমাদের দেশের একটি প্লাটফর্মে রিলিজ হচ্ছে। যারা এখনও সিনেমাটি হলে গিয়ে দেখার সুযোগ পাননি তারা অবশ্যই চরকি সাবসক্রিপশন করে দেখতে পারবেন।

 

একটু ভিন্ন প্রসঙ্গে আসি। দরজায় কড়া নাড়ছে নতুন বছর। পরিকল্পনা কী? বাঁধনের উত্তর- আমার জীবনটা শুধু ফেব্রুয়ারি পর্যন্ত দেখতে পাচ্ছি। এরপর আমার জীবনের আর কোনো পরিকল্পনা নেই। আসলে খুব বেশি দূর পর্যন্ত নিজেকে দেখতে চাই না। অতীত কিংবা ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানটা নষ্ট করতে চাই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *