নজর২৪ ডেস্ক- রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বরাত দিয়ে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) নেতারা জানিয়েছেন, যদিও তিনি (রাষ্ট্রপতি) চান সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠিত হোক, কিন্তু সংবিধান অনুযায়ী এ বিষয়ে তার ক্ষমতা সীমিত।
ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরীক দল ন্যাপের ৭ সদস্যের প্রতিনিধি দল গতকাল রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ১ ঘণ্টাব্যাপী বৈঠকে অংশ নেয়। সে বৈঠকের বিস্তারিত তারা জানিয়েছেন জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টারের কাছে।
রাষ্ট্রপতি সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে পরবর্তী নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপে বসছেন। সেই সংলাপের অংশ হিসেবে ন্যাপের সঙ্গে তিনি গতকাল বৈঠক করেন।
বৈঠকে উপস্থিত ন্যাপের প্রেসিডিয়াম সদস্য কাজী সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা রাষ্ট্রপতিকে জানিয়েছি, সার্চ কমিটি নিয়ে আগের অভিজ্ঞতা ভালো ছিল না। সার্চ কমিটির (সুপারিশের) মাধ্যমে গঠিত নির্বাচন কমিশন মানুষের জন্য ভালো কিছু করতে পারেনি। তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারেনি।’
দলের একাধিক নেতা জানান, এই মন্তব্যের উত্তরে রাষ্ট্রপতি জানান তিনি তাদের সঙ্গে একমত প্রকাশ করছেন। তবে সংবিধানের আলোকে তিনি তার সীমাবদ্ধতার কথাও জানান।
রাষ্ট্রপতির উদ্ধৃতি দিয়ে ন্যাপের কার্যকরী সভাপতি আইভি আহমেদ জানান, ‘আপনারা আমার ক্ষমতা সম্পর্কে জানেন। আমি এই সীমাবদ্ধতার মধ্যে থেকে আপনাদের দাবিকে বাস্তবায়নের চেষ্টা করব।’
বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আইভি এসব তথ্য দেন।
ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন জানান, তারা রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটি নিয়ে আলোচনা করেননি এবং সদস্য হিসেবে কারও নামও প্রস্তাব করেননি।
