বিনোদন ডেস্ক- বলিউড সুপারস্টার সালমান খানকে শনিবার মধ্যরাতে সাপে কামড় দিয়েছে। মুম্বাইয়ের উপকণ্ঠে পানভেলের খামারবাড়িতে সময় কাটাচ্ছিলেন অভিনেতা। সেখানেই ঘটে এই দুর্ঘটনা।
সেই অঘটনের পর এবার সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন ‘ভাইজান’। জানালেন বিস্তারিত।
সালমান খান বলেন, ‘আমাদের পানভেলের খামারবাড়িতে সাপটি ঢুকে পড়ে। আমি লাঠি দিয়ে সাপটিকে তুলি। বাইরের জঙ্গলে ফেলে আসার চেষ্টা করি। কিন্তু ধীরে ধীরে সাপটি আমার হাতে উঠে আসে। আমি হাত দিয়ে সাপটিকে ধরি। তারপর সাপটি তিনবার আমার হাতে কামড় দেয়।’
‘সল্লু ভাই’য়ের ভাষায়, ‘সাপটিকে দেখে বিষাক্ত বলে মনে হয়েছে তার। আরও জানান, এ ঘটনায় ছয় থেকে সাত ঘণ্টা হাসপাতালে থাকতে হয়েছে তাকে। এখন যদিও ঠিক আছেন।
এদিকে সালমানকে কামড়ানো সাপটির ভাগ্যে কী ঘটেছে? এ বিষয়ে ভাইজানের বাবা সেলিম খান এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি শুরুতেই বলেছিলাম, সাপটির বিষ নেই। পরে যখন জানতে পারলাম সেটিই সত্যিই, তখন আমাদের খামারবাড়ি থেকে নিরাপদ দূরত্বে এক জায়গায় ছেড়ে আসা হয় সাপটিকে।’
সেলিম খান বলেন, ‘যখন ঘটনাটি ঘটে, আমরা সবাই খুব চিন্তায় পড়ে যায়। সালমানকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই ইঞ্জেকশন দেওয়ানোর জন্য। এই ক্ষেত্রে সেটি খুব জরুরি। ভাগ্যিস সাপটির বিষ ছিল না।’
সালমনের জন্য চিন্তায় ছিলেন তার অনুরাগীরাও। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছিলেন তারা। সেলিম জানিয়েছেন, হাসপাতাল থেকে ফিরে বিশ্রাম করছেন সালমন। আপাতত সুস্থ আছেন তিনি।
