Home দেশের খবর ঢাকা নারায়ণগঞ্জে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৩

নারায়ণগঞ্জে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৩

0
240

নজর২৪, নারায়ণগঞ্জ- নারায়ণগঞ্জ সদর উপজেলায় রেল ক্রসিংয়ের সময় বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে বাসের তিন যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে আটজন।

 

রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জ শহরের এক নম্বর রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে এক নম্বর রেলগেট এলাকায় রেললাইনের ওপরে আনন্দ পরিবহনের একটি বাস আটকে যায়। প্রচণ্ড যানজটের কারণে ট্রেন আসছে দেখেও বাসটি আর সরতে পারেনি। ঢাকা থেকে আসা ট্রেনটিও থামতে পারেনি। ফলে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, সামনের দিকে যানজট ছিল বলে বাসটি রেললাইনে উঠে আর এগোতে পারেনি। সে সময় ট্রেন এটিকে ধাক্কা দিয়ে প্রায় ১০-১৫ গজ পর্যন্ত টেনে নিয়ে যায়।

 

তিনি আরও জানান, দুর্ঘটনায় ৮ জন আহত হয়েছেন। তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সাবিনা ইয়াসমিন জানান, ওই ৮ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে একজনের পা কাটা ও আরেকজনের হাত কাটা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here