Home জাতীয় বাঁশি শুনলেই রাস্তায় নেমে যেতে হবে: নুরুল হক নুর

বাঁশি শুনলেই রাস্তায় নেমে যেতে হবে: নুরুল হক নুর

0
440

নজর২৪, ঢাকা- গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, দেশের আপামর জনসাধারণের অধিকার আদায়ের লড়াইয়ের জন্য প্রস্তুত হন। হ্যামিলনের বাঁশিওয়ালার বাঁশি শুনলেই রাস্তায় নেমে যেতে হবে।

 

রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

 

ডাকসুর সাবেক ভিপি বলেন, ছুটি কাটাতে এসে রাস্তায় দাঁড়াতে হয় আমাদের প্রবাসীদের। আমরা সেই দেশের নাগরিক। প্রবাসীরা টিকা পায় না। টিকার পাওয়ার জন্য রাস্তায় আন্দোলনে নামতে হয়। বিমানের টিকেট পর্যন্ত পাচ্ছে না প্রবাসীরা। এসব অধিকারের জন্য তাদের রাস্তায় নামতে হচ্ছে। তাদের কেন রাস্তায় নামতে হবে। অথচ এ দায়িত্ব ছিল সরকারের।

 

নূর বলেন, আমাদের প্রবাসী শ্রমিক ভাইয়েরা করোনার সময় কিভাবে ভোগান্তির শিকার হয়েছে আমরা সবাই জানি। টিকার অভাবে অনেক প্রবাসীর টিকেট বাতিল হয়ে গেছে। তারা সময় মতো কর্মে যেতে পারেননি। কোনো প্রবাসী কর্মী বিদেশে মারা গেলে সরকারকে লাশ আনতে হবে, এ দাবি কেন জানাতে হবে সরকারকে। বার বার প্রবাসীদের কেন রাস্তায় আসতে হবে। তারা দেশে ছুটি কাটাতে এসেছে।

 

এ সময় বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকার মানুষের উপর নানা অন্যায়, অবিচার, গুম, খুন, অত্যাচার করছে। সরকার মাফিয়া মতো আচরণ করছে। সরকারের অন্যায় রুখে দিতে সবাইকে সোচ্চার হতে হবে। নিজেদের অধিকার আদায়ের পাশাপাশি ভোটের অধিকার নিশ্চিত করতে আন্দোলন দেশে-বিদেশে ছড়িয়ে দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here