Home বিনোদন বড় ধাক্কা সামলে নতুন মিশনে নামছেন ইমন-মাহি

বড় ধাক্কা সামলে নতুন মিশনে নামছেন ইমন-মাহি

0
208

বিনোদন ডেস্ক- মামনুন হাসান ইমন ও মাহিয়া মাহি, ঢাকাই চলচ্চিত্রের সাম্প্রতিক সময়ের আলোচিত নাম। সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে মাহির ফোনালাপ ফাঁসের জেরে ইমন ও মাহির সম্পর্ক অবনতির দিকে এমন গুঞ্জন উঠেছিল। তা আরও বেশ চাউর হয়, ইমনের বিপরীতে ওয়েব চলচ্চিত্র ‘কাগজের বউ’ থেকে মাহি সরে দাঁড়ানোর ঘোষণা দিলে।

 

তবে, এবার জানা গেল শাহীন সুমন এর ‘মাফিয়া’ সিনেমার শুটিংয়ে যোগ দিচ্ছেন মাহিয়া মাহি। এই অভিনেত্রীর বিপরীতে থাকছেন ইমনও। জানুয়ারির প্রথম সপ্তাহেই এই দু’জন ক্যামেরার সামনে দাঁড়াবে বলে জানা গেছে। মাফিয়া সিনেমার গল্প নব্বই দশকের অপরাধ জগত নিয়ে।

 

সিনেমার পরিচালক শাহীন সুমন জানান, সোনারগাঁয়ে রবিবার থেকে তাদের শুটিংয়ের কথা থাকলেও তা পিছিয়ে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। এক দিন শুটিং করলেই কাজ শেষ হবে।

 

এর আগে সোমবার থেকে এফডিসিতে ‘বুবুজান’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন মাহি।

 

মাহি-ইমন ছাড়াও ‘মাফিয়া’ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, মিশা সওদাগর, আঁচল আঁখি, আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রাহা তানহা খানসহ আরও অনেকে।

 

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর ওমরাহ করার জন্য মক্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন মাহি। সঙ্গে ছিলেন তার স্বামী রাকিব সরকার। এরপর মরু অঞ্চলে তারা রোম্যান্টিক ভঙ্গিমায় বিভিন্ন ছবি তুলে শেয়ার করেছেন। ভক্তরাও হয়েছিল আনন্দিত।

 

কিন্তু কয়েকদিন আগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে মাহির একটি কলরেকর্ড ফাঁস হয়। যেখানে শোনা যায়, মুরাদ তাকে যাওয়ার জন্য জোর করছিলেন। এই ঘটনায় দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে। সেই বিতর্কের রেশ ধরে মন্ত্রীত্ব হারান মুরাদ।

 

ওই কলটি ছিল মূলত মুরাদ ও চিত্রনায়ক ইমনের ফোনে। ইমনের ফোন থেকেই মাহি কথা বলেছিলেন। যার ফলে বিতর্কে জড়িয়েছে নায়কের নামটিও। শোনা যাচ্ছিল, ওই ঘটনার পর থেকে ইমনের সঙ্গে মাহির আর যোগাযোগ হয়নি। দু’জনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে।

 

তার মধ্যেই ‘কাগজের বউ’ সিনেমা থেকে মাহি সরে দাঁড়ানোয় সেই গুঞ্জন খানিকটা ভিত্তি পেলেও সিনেমার প্রয়োজনে একসঙ্গেই ক্যামেরার সামনে আসতে হচ্ছে তাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here